অবশেষে হাজার কোটি টাকা পরিশোধ করলো গ্রামীণফোন

অবশেষে হাজার কোটি টাকা পরিশোধ করলো গ্রামীণফোন

উত্তরদক্ষিণ অনলাইন । ২৩ ফেব্রুয়ারী ২০২০ । আপডেট ২০ঃ১৫

বিটিআরসির নিরীক্ষা দাবির সাড়ে ১২ হাজার কোটি টাকার মধ্যে আদালতের নির্দেশনা অনুযায়ী শেষ পর্যন্ত এক হাজার কোটি টাকা পরিশোধ করেছে দেশের শীর্ষ মোবাইল ফোন অপারেটর গ্রামীণফোন।

রোববার (২৩ ফেব্রুয়ারি) বিটিআরসি কার্যালয়ে বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হকের কাছে এক হাজার কোটি টাকার পে-অর্ডার তুলে দেন গ্রামীণফোনের হেড অফ রেগুলেটরি অ্যাফেয়ার্স হোসেন সাদাত। বিটিআরসি বলে আসছে, গ্রামীণফোনের কাছে নিরীক্ষা আপত্তির ১২ হাজার ৫৭৯ কোটি ৯৫ লাখ টাকার পাশাপাশি রবির কাছে ৮৬৭ কোটি ২৩ লাখ টাকা পাওনা রয়েছে তাদের।

এই টাকা আদায়ে প্রথম ধাপে ব্যান্ডউইডথ কমিয়ে দিয়ে এবং দ্বিতীয় ধাপে গত ২২ জুলাই বিভিন্ন ধরনের সেবার অনুমোদন ও অনাপত্তিপত্র দেওয়া বন্ধ করে দেয় বিটিআরসি। তাতেও কাজ না হওয়ায় গতবছর ৫ সেপ্টেম্বর লাইসেন্স বাতিলের হুমকি দিয়ে দুই অপারেটরকে নোটিস পাঠায় নিয়ন্ত্রক সংস্থা। এমনকি বিটিআরসি চেয়ারম্যান প্রয়োজনে গ্রামীণফোনে প্রশাসক নিয়োগের কথাও বলেন।

বিটিআরসি সালিশের মাধ্যমে বিষয়টি নিষ্পত্তিতে রাজি না হওয়ায় গ্রামীণফোন গতবছর আদালতের দ্বারস্থ হয়। পরে অর্থমন্ত্রীর উদ্যোগে গ্রামীণফোন ও বিটিআরসির কর্মকর্তাদের মধ্যে দুই দফা বৈঠক হলেও তাতে সফলতা আসেনি। গ্রামীণফোনের আবেদনে গত ১৭ অক্টোবর বিটিআরসির নিরীক্ষা আপত্তি দাবির নোটিসের ওপর দুই মাসের নিষেধাজ্ঞা দেয় হাই কোর্ট। বিটিআরসি লিভ টু আপিল করলে আপিল বিভাগ ২৪ নভেম্বর গ্রামীণ ফোনকে দুই হাজার কোটি টাকা দিতে নির্দেশ দেয়। সেজন্য তাদের দেওয়া হয়েছিল তিন মাস সময়, যা সোমবার শেষ হচ্ছে।

তার আগেই গত ২৬ জানুয়ারি সর্বোচ্চ আদালতের ওই আদেশ পুনর্বিবেচনার আবেদন করে গ্রামীণফোন। সে বিষয়ে শুনানি করে আপিল বিভাগ গতবুধবার বলে, ২০০০ কোটি টাকা গ্রামীণফোনকে দিতেই হবে। তার মধ্যে ১০০০ কোটি টাকা সোমবারের মধ্যে পরিশোধ করতে হবে। এ বিষয়ে আগামীকাল সোমবার (২৪ ফেব্রুয়ারি) পরবর্তী আদেশ দেওয়া হবে।

আদালতের ওই আদেশের পর বিটিআরসি চেয়ারম্যান জহুরুল হক সাংবাদিকদের বলেছিলেন, আমার যতটুকু মনে হয় টাকাটা তারা দিয়ে দেবে। যদি না দেয়, আইন যেসব ক্ষমতা বিটিআরসিকে দিয়েছে… বিটিআরসি কখনও কোনো বেআইনি কাজ করে না, করবেও না।

এরপর টাকা দেওয়ার সিদ্ধান্ত জানিয়ে শুক্রবার এক বিবৃতিতে গ্রামীণফোন জানায়, আদালতের নির্দেশনা অনুযায়ী ১০০০ কোটি টাকা তারা রোববারই পরিশোধ করবে। সেই আলোকে এই টাকা পরিশোধ করা হলো।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading