প্রধানমন্ত্রীর হাতে জয় বাংলা কনসার্টের টি-শার্ট

প্রধানমন্ত্রীর হাতে জয় বাংলা কনসার্টের টি-শার্ট

উত্তরদক্ষিণ অনলাইন । ০১ মার্চ ২০২০ । আপডেট ২০ঃ২০

প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে তুলে দেওয়া হয়েছে ‘জয় বাংলা কনসার্ট ২০২০’-এর টি-শার্ট, মগ ও পোস্টার। সিআরআইয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিগত বছরগুলোর মতো চলতি বছরেও আগামী ৭ মার্চ অনুষ্ঠিত হতে যাচ্ছে ‘জয় বাংলা কনসার্ট’। মুজিববর্ষ উপলক্ষে এবারের জয় বাংলা কনসার্ট পাবে ভিন্নমাত্রা। মুজিববর্ষে বিশেষ আয়োজনে রাজধানীর বনানীর আর্মি স্টেডিয়ামে এই কনসার্ট অনুষ্ঠিত হবে।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের উত্তাল ভাষণ স্মরণ করে দিনটি ঠিক করা হয়েছে। বরাবরের মত চলতি বছরে অনুষ্ঠিতব্য কনসার্টটির আয়োজন করছে সেন্টার ফর রিসার্চ অ্যান্ড ইনফরমেশনের (সিআরআই) প্রতিষ্ঠান ইয়াং বাংলা। জয় বাংলা কনসার্টের নিবন্ধন শিগগির শুরু হবে। জাতীয় পরিচয়পত্র, পাসপোর্ট অথবা জন্মনিবন্ধন সনদ, মোবাইল নম্বর এবং ই-মেইল অ্যাড্রেসের মাধ্যমে রেজিস্ট্রেশনের ব্যবস্থা থাকছে এ বছরও। নিবন্ধনের মাধ্যমে কনসার্টটি সবার জন্য উন্মুক্ত থাকছে।

সিআরআইয়ের নির্বাহী পরিচালক সাব্বির বিন শামস বলেন, ১৯৭১ সালে বঙ্গবন্ধুর ঐতিহাসিক ৭ মার্চের ভাষণকে স্মরণীয় করে রাখতে আর্মি স্টেডিয়ামে বিগত বছরগুলোতে আয়োজিত হচ্ছে এই কনসার্ট, যা প্রতিবছর কয়েক লাখ তরুণ অনলাইনে ও সরাসরি উপভোগ করেন। ৭ মার্চ বেলা ১টা থেকে রাত ১১টা পর্যন্ত কনসার্ট চলবে। তাতে অংশ নেবে দেশের জনপ্রিয় ব্যান্ডদল এফ মাইনর, ভাইকিং, এভোয়েড রাফা, ক্রিপটিক ফেইট, লালন, শূন্য, আরবোভাইরাস, চিরকুট, নেমেসিস, ফুয়াদ অ্যান্ড ফ্রেন্ডস এবং মিনার রহমান।

মুজিববর্ষ উপলক্ষে এবারের কনসার্টে থাকছে আরও জমকালো আয়োজন। এছাড়াও কনসার্টে থাকছে বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণ এবং মুক্তিযুদ্ধভিত্তিক গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। ২০১৫ সাল থেকে প্রতিবছর হয়ে আসা আস এই কনসার্টে ফিরিয়ে আনা হয় একাত্তরের যুদ্ধদিনের অনুপ্রেরণা যোগানো গানগুলো। এবারও প্রতিটি ব্যান্ডই নিজেদের গানের পাশাপাশি স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের গান পরিবেশন করবে এবং অনুষ্ঠানে বঙ্গবন্ধুর ওপর হলোগ্রাফিক শো প্রদর্শিত হবে বলে আয়োজকরা জানিয়েছেন।

শুধুমাত্র অনলাইনে বিনামূল্যে নিবন্ধন করে কনসার্টে আসা যাবে। সেজন্য শিগগিরিই নিবন্ধন শুরু হবে। ইয়াং বাংলার ওয়েবসাইটে (youngbangla.org) এ বিষয়ে বিস্তারিত জানা যাবে বলে আয়োজকরা জানিয়েছেন সংবাদ বিজ্ঞপ্তিতে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading