চবি ছাত্রলীগের দুই পক্ষের মধ্যরাতে সংঘর্ষে, আহত ১৫
উত্তরদক্ষিণ অনলাইন । ০৫ মার্চ ২০২০ । আপডেট ১২ঃ৫০
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে মধ্যরাতে ছাত্রলীগের দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। বিশ্ববিদ্যালয়ের এফ রহমান হলে বুধবার গভীর রাতে শাটল ট্রেনের বগিভিত্তিক সংগঠন ‘বিজয়’ ও ‘সিক্সটি নাইন’ এর কর্মীদের সংঘর্ষের পর আটজনকে আটক করেছে পুলিশ।
প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার সন্ধ্যায় দুই পক্ষের ধাওয়া-পাল্টা ধাওয়ার জেরে গভীর রাতে এফ রহমান হলে সংঘর্ষ বাধে দুই পক্ষের। এসময় ঢিল ছোড়ার পাশাপাশি ককটেল বিস্ফারণের শব্দও শোনা যায়।
সংঘর্ষের সময় হলের বারান্দাসহ আশপাশের লাইট, বিভিন্ন কক্ষের দরজা-জানালা, আসবাব ভাংচুর করে দুই পক্ষ। বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু বলেন, “সন্ধ্যায় ‘বিজয়’ এর কর্মীরা আমাদের কর্মীদের হল থেকে বের করে দেয়। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বারবার অনুরোধ করলেও ব্যবস্থা নেওয়া হয়নি।”
রাতে তাদের কর্মীরা হলে উঠতে গেলে ‘বিজয়’ এর কর্মীরা তাদের উপর হামলা চালায় বলে দাবি চবি ছাত্রলীগের সাধারণ সম্পাদক ‘সিক্সটি নাইন’ গ্রুপের এই নেতার ।
তবে অভিযোগ অস্বীকার করে ‘বিজয়’ গ্রুপের নেতা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ ইলিয়াস বলেন, “রাতে ইকবাল হোসেন টিপুর নেতৃত্বে ‘শিবির স্টাইলে’ সিক্সটি নাইন গ্রুপের কর্মীরা আমাদের ওপর হামলা চালিয়েছে।” হামলায় তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে জানান তিনি।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় চিকিৎসা কেন্দ্রের ভারপ্রাপ্ত চিকিৎসা কর্মকর্তা মোহাম্মদ আবু তৈয়ব জানান, রাতে সংঘর্ষে আহত ১৫ জনকে আনা হয়েছিল। এদের মধ্যে নয়জনের আঘাত গুরুতর হওয়ায় তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
হাটহাজারী থানার ওসি মাসুদ রানা জানান, সংঘর্ষের সময় আটজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। সংঘর্ষে তাদের সম্পৃক্ততা ছিল কিনা তা খতিয়ে দেখা হচ্ছে। “যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে তাদের গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হবে।”
গত সোমবার থেকে চ শাটল ট্রেনের বগিভিত্তিক ‘বিজয়’ ও ‘কনকর্ড’ গ্রুপের কর্মীদের মধ্যে উত্তেজনা চলে আসছিল। এসময় তারা সংঘর্ষে জড়ায় একাধিকবার।
এর মধ্যেই বুধবার সন্ধ্যায় ‘বিজয়’ গ্রুপের কর্মীরা সোহরাওয়ার্দী হলে এবং ‘সিক্সটি নাইন’ এর কর্মীরা শাহজালাল হলে অবস্থান নিয়ে সংঘর্ষে জড়িয়েছিল। সে চারজনকে আটক করে পুলিশ।
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের নিয়ন্ত্রণাধীন বগিভিত্তিক সংগঠনগুলোর মধ্যে ‘বিজয়’ চট্টগ্রাম নগর আওয়ামী লীগের প্রয়াত সভাপতি সাবেক মেয়র এবিএম মহিউদ্দিন চৌধুরীর সমর্থক। আর ‘কনকর্ড’ ও ‘সিক্সটি নাইন’ গ্রুপ নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বর্তমান মেয়র আ জ ম নাছির উদ্দিনের সমর্থক হিসেবে পরিচিত।

