এপ্রিলে করোনা ভয়াবহ হতে পারে: সাঈদ খোকন

এপ্রিলে করোনা ভয়াবহ হতে পারে: সাঈদ খোকন

উত্তরদক্ষিণ অনলাইন । ২২ মার্চ ২০২০ । আপডেট ২০:১৫

আগামী এপ্রিল মাসের শুরু থেকে দেশে করোনা পরিস্থিতি ভয়াবহ রূপ ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও ঢাকা দক্ষিণের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন। দেশি-বিদেশি বিশেষজ্ঞদের সঙ্গে সার্বিক করোনা পরিস্থিতি নিয়ে কথা বলার পর তিনি এমনটাই মনে করছেন।

রবিবার (২২ মার্চ) দুপুরে নগর ভবনস্থ ব্যাংক ফ্লোরের সভাকক্ষে সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরি সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সাঈদ খোকন বলেন, প্রবাসীরা অবাধে বিচরণ করার মাধ্যমে করোনা ছড়িয়ে দেওয়ায় ব্যাপক প্রাণহানি ঘটার দৃশ্যপট তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেওয়া ছিল মারাত্মক ভুল।

সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার বলেও মত দেন মেয়র খোকন।

দায়িত্ব থেকে বিদায়ী হতে যাওয়া মেয়র সাঈদ খোকন বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকর ভূমিকা পালন করতে পারে। একইসঙ্গে হাসপাতালগুলোতে আগত সাধারণ রোগীরা যেন চিকিৎসা সেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হন সেদিকে সতর্ক দৃষ্টি রাখার বিষয়ে হাসপাতালের পরিচালকদের সঙ্গে বিভিন্ন দফতর ও সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত।

সভায় ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগে‌ডিয়ার জেনারেল শ‌রীফ আহমেদ, ঢাকার উপ-সিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদফতরের প্রতিনিধি এবং করপোরেশনের বিভিন্ন অঞ্চলের নির্বাহী কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading