মানবজমিন মুদ্রণ বন্ধ ঘোষণা

মানবজমিন মুদ্রণ বন্ধ ঘোষণা

উত্তরদক্ষিণ ২৭ মার্চ ২০২০ । ‌১৬:১০

দেশের একমাত্র ট্যাবলেট পত্রিকা দৈনিক মানবজমিনের ছাপা বা মুদ্রণ সংস্করণ বন্ধ করে দেয়া হয়েছে। এখন থেকে শুধু অনলাইন ভার্সন চালু থাকবে পত্রিকাটির। বৃহস্পতিবার (২৭ মার্চ) এমন ঘোষণা দিয়েছেন মানবজবিন সম্পাদক মতিউর রহমান চৌধুরী। এ নিয়ে মানবজমিনের অনলাইনে প্রকাশিত সম্পাদকের বক্তব্যটি এখানে হুবহু তলে ধরা হলো-

প্রিয় পাঠক, আপনি নিশ্চয়ই জানেন, আমাদের প্রিয় পৃথিবী আজ এক ভয়ঙ্কর বিপদের মুখোমুখি। করোনা ভাইরাসের ভয়াল থাবায় দেশে দেশে মৃত্যুর মিছিল। মিনিটে মিনিটে বাড়ছে আক্রান্ত আর মৃত্যুর সংখ্যা। আমাদের দেশেও আঘাত হেনেছে এ ভয়াল ভাইরাস। চারদিকে উদ্বেগ-আতঙ্ক। চলছে অঘোষিত লকডাউন। এই পরিস্থিতিতেও জীবনবাজি রেখে কাজ করে যাচ্ছেন আমাদের কর্মীরা। এজেন্ট ও হকাররাও রয়েছেন ঝুঁকির মুখে। সংবাদপত্র বিপণন ব্যবস্থায় নেমে এসেছে বিপর্যয় ।

আমরা আমাদের কর্মীদের স্বাস্থ্য ও নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দেই।এ কারণেই আমরা আপাতত মুদ্রণ সংস্করণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছি। তবে আমরা থেমে থাকবো না। মানবজমিন অনলাইন সংস্করণ চালু থাকবে পুরোদমে (www.mzamin.com)। প্রতিমুহূর্তে আমরা আপনার কাছে পৌঁছে দেবো সর্বশেষ খবর। নিশ্চয়ই এ ঘোর অন্ধকার কেটে যাবে। পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলেই আমরা দ্রুত ফিরে যাবো মুদ্রণ সংস্করণে। পাঠক, বিজ্ঞাপনদাতা, হকার, এজেন্ট ও শুভানুধ্যায়ীদের প্রতি অনুরোধ আপনারা আমাদের পাশে থাকুন। ২২টি বছর যেমন ছিলেন।
সবাই ভালো থাকুন

মতিউর রহমান চৌধুরী
প্রধান সম্পাদক

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading