২৫ এপ্রিল পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ
উত্তরদক্ষিণ অনলাইন ১০ এপ্রিল ২০২০। ১৭.৩০
নভেল করোনাভাইরাসের মহামারি ঠেকাতে সরকার অফিস-আদালত বন্ধ রাখার মেয়াদ বাড়ানোর পর সারাদেশে সব শিক্ষাপ্রতিষ্ঠানের ছুটিও চতুর্থ দফা বাড়ানো হয়েছে। শুক্রবার (১০ এপ্রিল) শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, ‘সাধারণ ছুটি’ অনুযায়ী ২৫ এপ্রিল পর্যন্ত সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থ্কবে।
শিক্ষাপ্রতিষ্ঠানের পাশাপাশি সব ধরনের কোচিং সেন্টারও ওই সময় পর্যন্ত বন্ধ রাখতে হবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।
এর আগে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার সিদ্ধান্ত নেয় সরকার। পরে তা দুই দফায় বাড়িয়ে ১৪ এপ্রিল পর্যন্ত করা হয়েছিল। শিক্ষাপ্রতিষ্ঠান টানা বন্ধ থাকায় পাঠদানের ধারাবাহিকতা রাখতে ২৯ মার্চ থেকে সংসদ টিভিতে ষষ্ঠ থেকে দশম শ্রেণির ক্লাস দেখানো শুরু করেছে সরকার। আর প্রাথমিকের ক্লাস গত ৭ এপ্রিল থেকে দেখানো শুরু হয়েছে।
এই ক্লাসের মাধ্যমে শিক্ষার্থীদের বাড়ির কাজ দেওয়া হচ্ছে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর সংশ্লিষ্ট শিক্ষককে এসব বাড়ির কাজ দেখাতে হবে। মাধ্যমিকের শিক্ষার্থীদের বাড়ির কাজের উপর প্রাপ্ত নম্বর তাদের ধারাবাহিক মূল্যায়নের অংশ হিসেবে বিবেচিত হবে।

