ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম হচ্ছে: রিজভীর অভিমত

ত্রাণ বিতরণে ব্যাপক অনিয়ম হচ্ছে: রিজভীর অভিমত

উত্তরদক্ষিণ অনলাইন ১০ এপ্রিল ২০২০। ১৮.০০

ইউএনবি: সরকারের ত্রাণ সামগ্রী ‘ক্ষমতাসীন দলের নেতা-কর্মীরা’ নিজেদের বাড়িতে নিয়ে যাওয়ার কারণে অসহায় ও দরিদ্র মানুষের তা সঠিকভাবে পাচ্ছেন না বলে শুক্রবার বিএনপি অভিযোগ করেছে। ‘যদিও মন্ত্রীরা ক্ষমতাসীন দলের নেতা-কর্মীদের অসহায় মানুষদের পাশে দাঁড়াতে বলছেন, কিন্তু তারা সরকারের ত্রাণ সামগ্রী নিজেদের বাড়িতে নিয়ে যাচ্ছেন,’ বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

জিয়াউর রহমান ফাউন্ডেশন এবং ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ড্যাব) উদ্যোগে রাজধানীর হলি ফ্যামিলি হাসপাতালের চিকিৎসকদের কাছে ব্যক্তিগত সুরক্ষা সরঞ্জাম (পিপিই) বিতরণকালে তিনি এ অভিযোগ করেন।

রিজভী দাবি করেন, তাদের দলের নেতা-কর্মীরা শীর্ষ নেতাদের নির্দেশনা অনুসরণ করে সামর্থ্য অনুযায়ী দরিদ্রদের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করছেন। তিনি বলেন, ‘এ সংকটময় মুহূর্তে আমরা মানুষের পাশে দাঁড়িয়েছি। কারণ আমরা জনকল্যাণের রাজনীতি করি।’

করোনাভাইরাস মহামারি মোকাবিলায় দেশের জনগণকে নিজ নিজ অবস্থান থেকে দায়িত্বশীল ভূমিকা নেয়ারও আহ্বান জানান বিএনপির সিনিয়র যুগ্মমহাসচিব। তিনি বলেন, ‘মহামারির এ সময়ে জাতীয় ঐক্য অপরিহার্য। ঐক্য গঠনের জন্য যারা ক্ষমতায় আছেন তাদের উদ্যোগ নেয়া কর্তব্য। আমরা তাদের পক্ষ থেকে এ জাতীয় উদ্যোগ দেখিনি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading