২৫ এপ্রিল পর্যন্তই বন্ধ থাকছে গণপরিবহন
উত্তরদক্ষিণ ১১ এপ্রিল ২০২০ । ১৭:৫০
নভেল করোনাভাইরাস মহামারিতে দেশে আগামী ২৫ এপ্রিল পর্যন্ত গণপরিবহন চলাচল বন্ধ থাকবে। সরকারের ঘোষিত সাধারণ ছুটির মেয়াদ ২৫ এপ্রিল পর্যন্ত বাড়ানোর পর গণপরিবহন বন্ধের সময়সীমাও বাড়ানো হয়েছে সলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।
শনিবার (১১ এপ্রিল) সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ এ সিদ্ধান্তের কথা জানিয়েছে। সরকারের ওই দপ্তরের জনসংযোগ কর্মকর্তা আবু নাছের স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গণপরিবহন বন্ধ থাকলেও জরুরি পরিষেবা খাদ্যদ্রব্য, নিত্যপ্রয়োজনীয় পণ্য, জ্বালানি, ওষুধ, ওষুধ শিল্প ও চিকিৎসা বিষয়ক সামগ্রী পরিবহন, কৃষিপণ্য, সার ও কীটনাশক, মৎস্য এবং প্রাণিসম্পদ খাতের দুগ্ধ ও দুগ্ধজাত পণ্য, শিশুখাদ্য, জীবনধারণের মৌলিক উপাদান উৎপাদন ও পরিবহন, গণমাধ্যম ও ত্রাণবাহী পরিবহন এ নিষেধাজ্ঞার আওতামুক্ত থাকবে। পণ্যবাহী যানবাহনে যাত্রী পরিবহন করা যাবে না বলে বিজ্ঞপ্তিতে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে।

