করোনা মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি বিএনপি’র
উত্তরদক্ষিণ ১৭ এপ্রিল ২০২০ । ১৪:০০
করোনা দুর্যোগ মোকাবিলায় জাতীয় টাস্কফোর্স গঠনের দাবি জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার (১৭ এপ্রিল) বিএনপি চেয়ারপারসন গুলশান কার্যালয়ে সংবাদ সম্মেলেনে তিনি বলেন, করোনা পরিস্থিতি মোকাবিলার লক্ষ্যে সুসমন্বিত ও সুবিবেচিত কর্মপরিকল্পনা গ্রহণ, ত্রাণবিতরণ, বিভিন্ন সেক্টরে প্রণোদনা ও ঋণ প্যাকেজ বণ্টনসহ সার্বিক অবস্থায় সরকারকে পরামর্শ দেওয়ার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠনের প্রস্তাব করছি।
মির্জা ফখরুল বলেন, প্রাণঘাতী নভেল করোনাভাইরাস (কোভিড-১৯) পরিস্থিতিতে চাল চুরির এই ঘটনা বঙ্গবন্ধুর শাসনের আমলের কথা মনে করিয়ে দেয়। ‘সবাই পায় সোনার খনি আমরা পেয়েছি চোরের খনি’-বলেছিলেন বঙ্গবন্ধু। বর্তমানে দেশে ‘চাল চুরির মহোৎসব চলছে’ বলেও মন্তব্য করেন।
অভিযোগের সুরে মির্জা ফখরুল বলেন, করোনায় লক্ষণ নিয়ে হটলাইনে কল যাচ্ছে লক্ষাধিক, কিটের অভাবে পরীক্ষা করা হচ্ছে না। বহু আগে থেকেই বিএনপি বারবার যে ধরনের আশঙ্কার কথা বলে এসেছে, সেটাই এখন দেখা যাচ্ছে। ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে পুরো দেশকে।
সংবাদ সম্মেলন থেকে বিএনপির এই নীতি নির্ধারক ত্রাণ সহায়তা বাংলাদেশ সেনাবাহিনীর হাতে ন্যস্ত করার দাবি জানান। পাশাপাশি ওএমএসএর চাল সুষ্ঠুভাবে আবার বিক্রির করতে সরকারের প্রতি আহ্বান জানান মির্জা ফখরুল।
তিনি আরও বলেন, মির্জা ফখরুল বলেন, ‘বিএনপি ৮৭ হাজার কোটি টাকার বিশেষ তহবিল গঠনের প্রস্তাব ঘোষণা করলে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক খুবই কটু ভাষায় আমাকে ব্যক্তিগতভাবে আক্রমণ করেন। আমাদের প্যাকেজটিকে “কল্পনাবিলাস” বলে প্রত্যাখ্যান করেন। অথচ পরদিনই প্রধানমন্ত্রী ৭৭ হাজার ৭৫০ কোটি টাকার প্রণোদনা প্যাকেজ ঘোষণা দেন। এতে প্রমাণিত হয়, বিএনপির প্রস্তাবটি ছিল বাস্তবভিত্তিক।’ ফখরুল দাবি করেন, সরকার বিএনপিকে অনুসরণ করছে।
বিএনপি ইতোমধ্যে ‘৫ লাখ’ হতদরিদ্র পরিবারের কাছে খাদ্য সহায়তা পৌঁঁছে দিয়েছে দাবি করে দলটির মহাসাচি বলেন, বিএনপি সর্বশক্তি নিয়ে জনগণের পাশে আছে এবং থাকবে।

