দেশবাসীর প্রতি বিশেষ প্রার্থনা করার আহ্বান প্রধানমন্ত্রীর

দেশবাসীর প্রতি বিশেষ প্রার্থনা করার আহ্বান প্রধানমন্ত্রীর

উত্তরদক্ষিণ ১৮ এপ্রিল ২০২০ । ১৮:৫৮

বিশ্বব্যাপী মহামারি আকার ধারণ করা করোনাভাইরাসের ফলে সৃষ্ট পরিস্থিতি থেকে উত্তরণে দেশবাসীকে বিশেষ দোয়া ও প্রার্থনার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সবাই যেন শিগগির স্বাভাবিক জীবনে ফিরতে পারেন সে প্রত্যাশা করেছেন তিনি।

শনিবার (১৮ এপ্রিল) একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে অংশ নিয়ে শোকপ্রস্তাবে আলোচনার জন্য দাঁড়িয়ে সংসদনেতা শেখ হাসিনা বলেন, চোখে দেখা যায় না এমন ভাইরাসের কারণে আজ মানুষ ঘরবন্দি। এটা এমন একটা বিষয় কতদিন চলবে কেউ বলতে পারছে না। সারা বিশ্বেও কেউ বলতে পারছে না। কেউ বলছে শীতকালে ভাইরাসটি থাকে, গরমে থাকবে না। এখন আবার বলছে গরমেও থাকবে। কেউ কিছু বুঝতে পারছে না।

একাদশ জাতীয় সংসদের সপ্তম অধিবেশনে শোকপ্রস্তাবের পাশাপাশি একই সঙ্গে এদিন সমাপনী বক্তৃতা দেন সংসদনেতা শেখ হাসিনা। এর আগে বিকাল ৫টায় সংক্ষিপ্ত এই অধিবেশন শুরু হয়। সংবিধানের বাধ্যবাধকতা রক্ষায় করোনা পরিস্থিতির মধ্যেও এই অধিবেশন ডাকা হয়েছিল।

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ‘আমরা প্রাকৃতিক অনেক বড় দুর্যোগ মোকাবিলা করেছি। কিন্তু স্বাস্থ্যখাতে এত বড় ঝড় আমরা মোকাবিলা করিনি।’ প্রধানমন্ত্রী বলেন, ‘এখনো বাংলাদেশ অন্য দেশ থেকে ভালো আছি। তবে আমি একটু আমার দেশের মানুষকে বলবো, আসলে আমাদের দেশের মানুষ যে এত সাহসী হয়ে গেছে। বউ নিয়ে বেড়াতে গেল শ্বশুরবাড়ি শিবচর, সেখান থেকে টুঙ্গিপাড়ায় গিয়ে হাজির। আমরা সবাইকে বলি, যে যেখানে আছেন সেখানেই থাকেন।’ সংসদনেতা শেখ হাসিনা বলেন, ‘এই ভাইরাসটি মুখ থেকে আসে। কথা থেকে ছড়ায়। এই যে এখানে সংসদ সদস্যরা সবাই মাস্ক পরে আছেন, সবাইকে আমি ধন্যবাদ জানাচ্ছি।’ তিনি আরও বলেন, ‘সবাই স্বাস্থ্যবিধি মেনে চলেন। নিজে সুরক্ষিত থাকেন। অপরকেও সুরক্ষিত রাখেন।’

দেশবাসী সবাইকে দোয়া করার আহ্বান জানিয়ে বঙ্গবন্ধুকন্যা বলেন, ‘সকলেই আল্লাহর কাছে দোয়া করেন। কাবা শরিফ মদিনা শরিফেও কারফিউ দেওয়া হয়েছে। কাজেই মসজিদে না গিয়ে ঘরে বসে আল্লাহকে ডাকেন। যেন আমরা বিশ্ববাসী এই ভাইরাস থেকে মুক্তি পেয়ে স্বাভাবিক জীবনে ফিরতে পারি, স্বাভাবিক কাজে ফিরতে পারি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading