প্রশাসনের ৭ কর্মকর্তা আক্রান্ত, মৃত্যু ১
উত্তরদক্ষিণ ২১ এপ্রিল ২০২০ । ১৬:২৬
ডাক্তার, নার্সদের পাশাপাশি এখন মাঠ পর্যায়ে কর্মরত প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তা-কর্মচারীরাও করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হচ্ছেন। জনপ্রশাসন মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, সোমবার পর্যন্ত প্রশাসনের ৭ জন কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে একজন মারা গেছেন।
জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব শেখ ইউসুফ হারুন গণমাধ্যমকে বলেছেন, ‘সবার তো ঘরে থাকার সুযোগ নেই। যারা সুস্থ তাদের বাইরে কাজ করতে হচ্ছে। সেক্ষেত্রে সব কর্মকর্তাকে জনপ্রশাসন থেকে সচেতন থেকে কাজ করতে বলা হয়েছে। এখন পর্যন্ত ৬ কর্মকর্তার আক্রান্তের তথ্য জনপ্রশাসন মন্ত্রণালয়ে এসেছে। এদের মধ্যে দুর্নীতি দমন কমিশনের পরিচালক জালাল সাইফুর রহমান গত ৬ এপ্রিল মৃত্যুবরণ করেছেন।’
করোনা আক্রান্ত জনপ্রশাসনের অন্য কর্মকর্তারা হলেন- টঙ্গী রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট গোলাম মোর্শেদ পাভেল। তিনি ৩৩তম বিসিএস ব্যাচের। সৌদি আরবের লেবার কাউন্সিলরের দায়িত্বপ্রাপ্ত ২০তম ব্যাচের কর্মকর্তা আমিনুল ইসলাম। ৩৪তম ব্যাচের কিশরোগঞ্জের ভৈরব উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হিমাদ্রী খীসা। এছাড়া সবচেয়ে বেশি আক্রান্তের খবর এসেছে নারায়ণগঞ্জ থেকে। নারায়ণগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানিয়া তাবাসসুম করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বলে জানা গেছে। তিনি ৩৫তম ব্যাচের। আরও আক্রান্ত হয়েছেন একই জেলায় কর্মরত ৩৬তম ব্যাচের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা আক্তার এবং ৩৭তম ব্যাচের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল মতিন খান।
জনপ্রশাসন সচিব বলেন, ‘আক্রান্তদের গুরুত্ব দিয়ে চিকিৎসার সবরকম ব্যবস্থা করা হয়েছে। তাদের সংস্পর্শে যারা ছিলেন তাদের সবাইকে হোম কোয়ারেনটাইনে পাঠানো হয়েছে।’ তথ্য সহায়তা সারাবাংলা।

