দরিদ্রের সহায়তায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি’র

দরিদ্রের সহায়তায় এগিয়ে আসার আহ্বান রাষ্ট্রপতি’র

উত্তরদক্ষিণ ২৪ এপ্রিল ২০২০ । ২১:১০

করোনা পরিস্থিতিতে সমাজের স্বচ্ছল জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে ও সামাজিক দূরত্ব নিশ্চিত করে দুঃস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ। পবিত্র মাহে রমজান উপলক্ষে শুক্রবার (২৪ এপ্রিল) দেয়া এক বাণীতে বিত্তবানদের প্রতি রাষ্ট্রপতি এই আহবান জানান।

রাষ্ট্রপতি আবদুল হামিদ বলেন, ‘বিশ্বব্যাপী নভেল করোনা ভাইরাসের সংক্রমণে সৃষ্ট মহামারীর ফলে এ বছর পবিত্র রমজান মাস ভিন্ন প্রেক্ষাপটে পালিত হবে। আমি রমজান মাসে নিজ নিজ ঘরে ইবাদত বন্দেগী করার জন্য দেশবাসীর প্রতি আহ্বান জানাচ্ছি।’ তিনি বলেন, ‘একই সাথে সমাজের স্বচ্ছল জনগোষ্ঠীকে স্বাস্থ্যবিধি যথাযথভাবে মেনে ও সামাজিক দুরত্ব নিশ্চিত করে দুঃস্থ ও দরিদ্র মানুষের সহায়তায় এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।’
আবদুল হামিদ বলেন, ‘রমজানের মহান শিক্ষা সমাজের সকল স্তরে ও সবার মাঝে ছড়িয়ে পড়ুক। রমজানের পবিত্রতায় সকলের জীবন ভরে উঠুক। পরম করুণাময় যেন বিশ্ববাসীকে এ মহামারি থেকে রক্ষা করেন এই প্রার্থনা করি।’

পবিত্র মাহে রমজান উপলক্ষে দেশবাসীসহ মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়ে রাষ্ট্রপতি বলেন, ‘বছর ঘুরে বরকতময় মাহে রমজান আমাদের মাঝে সমাগত। অশেষ বরকত, মাগফিরাত ও নাজাতের এ মাস মহান আল্লাহর নৈকট্য এবং তাকওয়া অর্জনের অপূর্ব সুযোগ এনে দেয়। সংযম, আত্মশুদ্ধি ও ক্ষমা লাভের জন্য যথাযথ মর্যাদা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে সমগ্র মুসলিম উম্মাহ এ মাসটি পালন করে থাকে।’
তিনি বলেন, ‘সিয়াম ধনী-গরীব সকলের মাঝে পারস্পরিক সহমর্মিতা, সম্প্রীতি ও ভ্রাতৃত্ববোধ প্রতিষ্ঠায় অনন্য ভূমিকা পালন করে। রমজানের পবিত্রতা ও তাৎপর্য অনুধাবন করে ব্যক্তি ও সমাজ জীবনে এর সঠিক প্রতিফলন ঘটাতে এবং শান্তিপূর্ণ সমাজ গঠনে সকলে অবদান রাখবেন – এ প্রত্যাশা করি।’ বাসস।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading