সমালোচনা ভাইরাসে আক্রান্ত বিএনপি: ওবায়দুল কাদের
উত্তরদক্ষিণ মঙ্গলবার ০৫ মে ২০২০। ১৪:৪৫
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত বিএনপির রাজনীতি। মঙ্গলবার (৫ মে) তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত আনলাইন সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
করোনার এই সংকটকালে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সরকারের ব্যর্থতার নামে বিষোদগার করছেন উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, ‘রাজনৈতিক বিরোধিতার নামে সরকারের সমালোচনা করার চিরায়ত ভাইরাসে আক্রান্ত আজ বিএনপির রাজনীতি। তারা কখনো জনগণের কথা বলেনি, পাশেও থাকেনি। এই দুর্যোগের সময়ে তারা কথামালার চাতুরী ছাড়া জনগণকে কিছুই দিতে পারেনি।’
কাদের বলেন, বিএনপি নেতারা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের সমালোচনা করছেন। কিন্তু আন্তর্জাতিকভাবে ফোবর্স এবং ইকোনোমিস্টের মতো প্রেস্টিজিয়াস সাময়িকী শেখ হাসিনার বলিষ্ঠ নেতৃত্বের প্রশংসা করেছে। তার সাফল্যের বিষয়টি দেশে-বিদেশে সমাদৃত হয়েছে।
সেতুমন্ত্রী বলেন, আমি মির্জা ফখরুল সাহেবের কাছে প্রশ্ন রাখতে চাই এই দুর্যোগের সময় তারা কথামালার চাতুরি ছাড়া জনগণকে করোনা মোকাবেলায় কিছুই কি দিতে পেরেছেন?
বিএনপি জাতীয় ঐক্যের প্রস্তাব প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, ২১০টি দেশে করোনার বিস্তার ঘটেছে। আমাদের প্রতিবেশী দেশসহ পৃথিবীর কোথাও রাজনৈতিক দলগুলোর মধ্যে ঐক্যের কোনও প্রয়োজন দেখা দেয়নি।

