নতুন ৬৩৬ জনসহ আক্রান্ত ১৩৭৭০। মৃত্যু বেড়ে ২১৪, সুস্থ ২৪১৪
উত্তরদক্ষিণ শনিবার ০৯ মে ২০২০। ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় করোনা বা কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছেন ৬৩৬ জন। এ নিয়ে এখন পর্যন্ত করোনা শনাক্ত হলো ১৩ হাজার ৭৭০ জন। গত ২৪ ঘণ্টায় আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৮ জন। এ নিয়ে মৃতের সংখ্যা দাঁড়ালো ২১৪ জনে। অপরদিকে, গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও ৩১৩ জন। এ নিয়ে দেশে মোট সুস্থ হলেন ২ হাজার ৪১৪ জন।
শনিবার (৯ মে) বেলা আড়াইটায় কোভিড-১৯ সম্পর্কিত সার্বিক পরিস্থিতি জানাতে স্বাস্থ্য অধিদফতরের নিয়মিত স্বাস্থ্য বুলেটিন অনলাইনে প্রচারিত হয়। বুলেটিনে ভিডিও কনফারেন্সে এ তথ্য জানান স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক নাসিমা সুলতানা।
গত ২৪ ঘণ্টায় মোট ৫ হাজার ৪৬৫ টি নমুনা পরীক্ষা করে আক্রান্তের নতুন তথ্য জানা গেছে বলে জানানো হয় স্বাস্থ্য বুলেটিনে। এ পর্যন্ত দেশে মোট নমুনা পরীক্ষা করা হয়েছে ১ লাখ ১৬ হাজার ৯১৯টি। তবে গত ২৪ ঘণ্টায় মোট নমুনা সংগ্রহের সংখ্যা ছিল পরীক্ষা করা নমুনার সংখ্যার চেয়ে কম।
স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানান আগে সংগ্রহ করে রাখা কিছু নমুনা গতকাল পরীক্ষা করার ফলে ২৪ ঘণ্টায় সংগ্রহ করা নমুনার সংখ্যার চেয়ে পরীক্ষার সংখ্যা বেশি হয়েছে।
সারাদেশে বর্তমানে ২,০১৭ জন আইসোলেশনে আছেন বলে বুলেটিনে জানান স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা।

