শীর্ষ একাদশে ইন্ডিয়া, বাংলাদেশের অবস্থান ২৮তম

শীর্ষ একাদশে ইন্ডিয়া, বাংলাদেশের অবস্থান ২৮তম

উত্তরদক্ষিণ মঙ্গলবার ১৯ মে ২০২০। ১৫:৪০

মোহাম্মদ শিহাব: আমেরিকাসহ বিশ্বের ১১টি দেশে করোনায় আক্রান্তের সংখ্যা লাখ ছাড়িয়েছে। এর মধ্যে শুধু আমেরিকাতেই আক্রান্ত সাড়ে ১৫ লাখের বেশি। বাকি দেশগুলোর মধ্যে ৫টিতে ২ লাখের উপরে আক্রান্ত এবং অন্য ৫টিতে ২ লাখের কম।

দেশগুলোর সরকারি তথ্যের ভিত্তিতে পরিচালিত এক পরিসংখ্যানে দেখা যায়, ১ লাখ ১ হাজার ২৬১ জন করোনা আক্রান্ত নিয়ে শীর্ষ একাদশের ১১তম অবস্থানে আছে আমাদের প্রতিবেশী দেশ- ইন্ডিয়া।

অপরদিকে, সংক্রমণের হার দ্রুত বৃদ্ধি পাওয়ায় প্রতিদিনই তালিকায় একধাপ করে উপরের দিকে উঠে আসছে বাংলাদেশ। বিশ্বের ২১৫টি করোনা আক্রান্ত দেশের মধ্যে বর্তমানে বাংলাদেশের অবস্থান ২৮তম। এই তালিকায় পাকিস্তানের অবস্থান ২০তম। মঙ্গলবার (১৯ মে) ওয়ার্ল্ডওমিটারে গ্রিনিচ মান সময় ০৯:৩৪টায় সবশেষ প্রকাশিত তথ্যে এমনটাই তুলে ধরা হয়েছে।

ওয়ার্ল্ডওমিটারে প্রকাশিত তথ্যে দেখা যায়, আমেরিকায় এ পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়েছেন সাড়ে ১৫ লাখের বেশি মানুষ। তাদের মধ্যে মারা গেছেন প্রায় ৯২ হাজার। আজীবন আমেরিকার প্রতিপক্ষ হিসেবে বিবেচিত রাশিয়া করোনা সংক্রমণেও আমেরিকার সঙ্গে রীতিমতো প্রতিদ্বন্দ্বিতায় আছে! দেশটিতে এ পর্যন্ত প্রায় ৩ লাখ মানুষ আক্রান্ত হয়েছে। ফলে বিশ্বে করোনায় বিধ্বস্ত দেশগুলোর শীর্ষ তালিকায় রাশিয়ার অবস্থান দ্বিতীয়। যদিও সেখানে তুলনামূলক মৃত্যু কম, ২ হাজার ৮৩৭ জন।

২ লাখ ৭৮ হাজারের বেশি কভিড-১৯ রোগী নিয়ে শীর্ষ তালিকার তৃতীয় অবস্থানে আছে ইউরোপের দেশ- স্পেন। দেশটিতে মৃত্যু হয়েছে ২৭ হাজার ৭শ জনেরও বেশি। আগের দিন তালিকার চতুর্থ অবস্থানে ব্রিটেন থাকলেও মঙ্গলবার সেই অবস্থানে উঠে এসেছে আমেরিকা মহাদেশের আরেকটি দেশ- ব্রাজিল। দেশটিতে মোট আক্রান্ত ২ লাখ ৫৫ হাজার ৩৬৮ জন, এর মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ১৭ হাজার মানুষের।

পঞ্চম অবস্থানে আছে বিশ্বের আরেক উন্নত দেশ- ব্রিটেন। দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা দাঁড়িয়েছে ২ লাখ ৪৬ হাজার ৪০৬ জন, যার মধ্যে মৃত্যু হয়েছে প্রায় ৩৫ হাজার মানুষের। মৃত্যুর পরিসংখ্যানে বিশ্বে আমেরিকার পরই ব্রিটেনের অবস্থান।

২ লাখের বেশি আক্রান্ত হয়েছে আরও একটি দেশে। সেটি হচ্ছে- ইউরোপের অন্যতম উন্নত রাষ্ট্র ইতালি। দেশটিতে মোট আক্রান্ত সংখ্যা ২ লাখ ২৫ হাজার ৮৮৬ এবং মোট মৃত্যু হয়েছে ৩২ হাজার ৭ জনের। মৃত্যুর হিসাবে বিশ্বে ইতালির অবস্থান তৃতীয়।

এছাড়া ফ্রান্সে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ৭৮ হাজার ৯২৭ জন এবং মৃত্যু ২৮ হাজারের বেশি। লক্ষাধিক আক্রান্ত শীর্ষ একাদশের মধ্যে ৮ম অবস্থানে আছে জার্মানি। সেখানে আক্রান্ত ১ লাখ ৭৭ হাজারের বেশি। ৯ম তুরস্ক, আক্রান্ত দেড় লাখ। ১০ম ইরান, আক্রান্ত ১ লাখ ২২ হাজারের বেশি এবং একাদশ ইন্ডিয়া।

উল্লেখ্য, দক্ষিণ এশিয়ার মধ্যে একমাত্র ইন্ডিয়াতেই আক্রান্তের সংখ্যা লাখ অতিক্রম করেছে। শীর্ষ ২০তম স্থানে থাকা পাকিস্তানে এ পর্যন্ত আক্রান্ত হয়েছে ৪৩ হাজার ৯৬৬ জন, যার মধ্যে মারা গেছে ৯৩৯ জন। আর ২৮তম অবস্থানে থাকা বাংলাদেশে আক্রান্ত ২৫ হাজার ছাড়িয়েছে। এর মধ্যে মৃত্যু হয়েছে ৩৭০ জনের। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading