গাইবান্ধায় উল্টে যাওয়া ট্রাকের নিচে ১৩ মরদেহ
উত্তরদক্ষিণ বৃহস্পতিবার ২১ মে ২০২০। ১৭:০৫
গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় ঝড়ের মধ্যে উল্টে যাওয়া রডবাহী ট্রাকের নিচ থেকে ১৩ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতরা সবাই ঢাকা থেকে ওই ট্রাকে করে বাড়ি ফিরছিলেন বলে পুলিশের ধারণা। বৃহস্পতিবার (২১ মে) সকালে এ দুর্ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ওসি মাসুদুর রহমান জানান, ঢাকা থেকে রড নিয়ে রংপুরে যাওয়ার পথে বৃহস্পতিবার সকালে জুনদহ এলাকায় ট্রাকটি দুর্ঘটনায় পড়ে। তিনি বলেন, ঝড়ের মধ্যে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি সড়কের পাশে উল্টে যায়। তাতে ট্রাকের ওপরে থাকা ১৩ জন ঘটনাস্থলেই নিহত হন। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে ট্রাক সরিয়ে লাশ উদ্ধার করে। তবে নিহতদের নাম পরিচয় জানা যায়নি।
পুলিশ সুপার তৌহিদুল ইসলাম বলেন, আমরা দুর্ঘটনার খবর পেয়ে গিয়েছিলাম। ট্রাক ও রড সরাতে গিয়ে ১৩ জনের মৃতদেহ রডের নিচে চাপা পড়া অবস্থায় পাই। আমাদের ধারণা ছিল না, যে রডের নিচে এতগুলো মৃতদেহ পড়ে আছে।
ট্রাক চালক ও তার সহকারী পালিয়ে গেছে বলে ধারণা করছেন পুলিশ কর্মকর্তারা।

