ঈদে জরুরি প্রয়োজন ছাড়া বেরোবেন না: র্যাব ডিজি
উত্তরদক্ষিণ শুক্রবার ২২ মে ২০২০। ১৯:২১
করোনাভাইরাস সংক্রমণ থেকে নিজেকে রক্ষায় জরুরি প্রয়োজন ছাড়া ঈদের দিন ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানিয়েছেন র্যাবের মহাপরিচালক চৌধুরী আবদুল্লাহ আল মামুন।
ঈদ সামনে রেখে শুক্রবার (২২ মে) এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে সামাজিক দূরত্ব বজায় রেখে ঈদের নামাজ আদায় এবং কোলাকুলি বা করমর্দন থেকে বিরত থাকার পরামর্শ দেন তিনি। সবার উদ্দেশে র্যাব মহাপরিচালক বলেন, জরুরি প্রয়োজন ছাড়া ঘরের বাইরে বের হবেন না। কোনো সমস্যা থাকলে র্যাবকে জানান।
ঈদ ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, এবার ঈদের নামাজ যেহেতু মসজিদে হবে সে কারণে নিরাপত্তার বিষয়টিও ভিন্নভাবে নিয়েছে র্যাব। ইতোমধ্যে দায়িত্ব পালন শুরু হয়েছে। যে সব মসজিদে ঈদের জামাত হবে সেগুলোতে র্যাবের বিশেষ নজরদারি থাকবে যেন কোনো প্রকার বিশৃঙ্খলা বা অন্য কোনো অপতৎপরতা না হয়।
মসজিদে একাধিক জামাত হবে বলে একটি জামাত শেষ হওয়ার পর সময় নিয়ে আরেকটি জামাত শুরু করলে সবার জন্য ভালো হবে বলে মন্তব্য করেন তিনি।
লকডাউন বা করোনাভাইরাসের মধ্যে ঈদুল ফিতর ঘিরে র্যাবের চলমান তৎপরতায় কোনো শিথিলতা থাকবে না জানিয়ে র্যাব মহাপরিচালক বলেন, র্যাব সব সময় সাধারণ মানুষের জন্য অনুপ্রেরণা এবং আশার আলো, কিন্তু সন্ত্রাসী-দুস্কৃতকারীদের জন্য আতঙ্ক।
বর্তমান এই পরিস্থিতিতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটানো, নাশকতা, জঙ্গি তৎপরতা যেন কেউ ঘটাতে না পারে সে বিষয়ে র্যাবের কঠোর গোয়েন্দা নজরদারি রয়েছে বলে জানান তিনি।
এই অবস্থার মধ্যে ব্যক্তিগত গাড়িতে ঢাকার বাইরে যাওয়ার অনুমোদন দেওয়ার বিষয়ে এক প্রশ্নের জবাবে র্যাব মহাপরিচালক বলেন, সরকার সাধারণ মানুষের সুবিধার্থেই এই সিদ্ধান্ত নিয়েছে। তবে গণপরিবহন যেন যাওয়া-আসা করতে না পারে সে ব্যাপারে র্যাবের পক্ষ থেকেও কঠোর নজরদারি রয়েছে।
ঈদের ছুটি শেষে ঢাকা ফেরার যে হিড়িক পড়বে সে বিষয়ে দৃষ্টি আকর্ষণ করলে র্যাব মহাপরিচালক সবাইরে ধীরে-সুস্থে সময় নিয়ে ফেরার, নিজের ব্যক্তিগত নিরাপত্তার বিষয়টি গুরুত্ব দিয়ে অনুধাবন করার পরামর্শ দেন। অধিক সংখ্যক যাত্রীর ভিড়ে নিজেকে না রাখলে, ঝুঁকির মধ্যে নিজেকে না ফেললে সবার জন্য ভালো, বলেন তিনি।
করোনাভাইরাস সংক্রমণ বাড়লেও দেশে ‘কারফিউ’ দেওয়ার মতো পরিস্থিতি নেই বলে মন্তব্য করেন আবদুল্লাহ আল মামুন। এ প্রসঙ্গে প্রথম দিকেই মাদারীপুরের শিবচরে মানুষের চলাচল নিষিদ্ধের কথা তুলে ধরে তিনি বলেন, যেখানে যেটা প্রয়োজন, সেটাই নেওয়া হবে।

