‘বিচ্ছু’ জালাল করোনায় আক্রান্ত
উত্তরদক্ষিণ শনিবার ২৩ মে ২০২০। ১৬:০০
একাত্তরের গেরিলা যোদ্ধা জহিরউদ্দিন জালাল ওরফে ‘বিচ্ছু’ জালাল করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। কিশোর বয়সে দেশের মুক্তির লড়াইয়ে নেমে ‘বিচ্ছু’ নামে পরিচিতি পাওয়া জালাল যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে জামায়াত নেতা আলী আহসান মোহাম্মদ মুজাহিদের বিরুদ্ধে সাক্ষ্য দিয়েছিলেন।
শনিবার (২৩ মে) দুপুরে জালালের পরিবারের পক্ষ থেকে গণমাধ্যমে তার করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার খবর জানানো হয়। তিনি এখন ঢাকার স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন। তবে তাকে সিএমএইচে নেওয়ার প্রক্রিয়া চলছে।
জালালের পরিবারের এক সদস্য বলেন, বেশ কয়েকদিন হলো উনার নিউমোনিয়া ধরা পড়ে। এরপর করোনাভাইরাস পরীক্ষা করালে রেজাল্ট পজিটিভ আসে। প্রথমে ধানমন্ডির মডার্ন হাসপাতালে ভর্তির চেষ্টা করলেও তারা রাখেনি। গত তিন দিন আগে উনাকে স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়।
জালাল বলেন, শারীরিকভাবে প্রচণ্ড দুর্বল হলেও আমি অক্সিজেন সাপোর্ট ছাড়াই শ্বাস নিতে পারছি। সবাই আমার জন্য দোয়া করবেন।

