ঢাকার সাবেক এমপি মকবুলের করোনাভাইরাসে মৃত্যু
উত্তরদক্ষিণ রবিবার ২৪ মে ২০২০। ২৩:১০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন আওয়ামী লীগের নেতা, ঢাকার সাবেক সংসদ সদস্য হাজি মকবুল হোসেন।
ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় ঈদের আগের দিন রোববার রাত ৯টার দিকে তার মৃত্যু ঘটে বলে তার ব্যক্তিগত সহকারী ফজলুর রহমান জানিয়েছেন।
১৯৯৬-২০০১ মেয়াদে ধানমণ্ডি-মোহাম্মদপুর আসনের সংসদ সদস্য মকবুল আওয়ামী লীগের বর্তমান কেন্দ্রীয় উপদেষ্টা পরিষদে সদস্য ছিলেন।
ফজলুর রহমান বলেন, “উনার করোনাভাইরাস পজিটিভ এসেছিল। তিন দিন আগে তিনি সিএমএইচে ভর্তি হন।”
করোনাভাইরাস সঙ্কটের মধ্যেই মুন্সীগঞ্জসহ বিভিন্ন স্থানে ত্রাণ বিতরণ করে যাচ্ছিলেন মকবুল।
সর্বশেষ গত ১৪ মে তিনি মোহাম্মদপুরের বাসায় আওয়ামী লীগের নেতা-কর্মীদের হাতে আর্থিক অনুদান তুলে দেন।
এরপর তিনি অসুস্থ হয়ে পড়েন। তার স্ত্রীও করোনাভাইরাসে আক্রান্ত হয়ে শমরিতা হাসপাতালে চিকিৎসাধীন বলে ফজলুর জানান।
শমরিতা মেডিকেল কলেজ হাসপাতালটির মালিক মকবুল। তিনি সন্ধানী লাইফ ইন্সুরেন্স, পূরবী জেনারেল ইন্সুরেন্স কোম্পানিরও মালিক। সিটি ইউনিভার্সিটিতে মালিকানার পাশাপাশি মোহাম্মদপুরে নিজের নামে কলেজও রয়েছে তার।
এছাড়া তার মালিকানায় রয়েছে এ্যমিকো ল্যাবরেটরিজ, পান্না টেক্সটাইল, মোনা ফিন্যান্স ইত্যাদি।
হাজি মকবুলের ছেলে আহসানুল ইসলাম টিটু টাঙ্গাইল-৬ আসনে আওয়ামী লীগের সংসদ সদস্য।

