করোনায় শান্ত-মারিয়াম চেয়ারম্যানের মৃত্যু
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১২:২৭
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির চেয়ারম্যান মো. ইমামুল কবির শান্ত মারা গেছেন, তিনি করোনাভাইরাসে আক্রান্ত ছিলেন। শনিবার (৩০ মে) সকালে ঢাকা সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। তিনি সুন্দরবন কুরিয়ার সার্ভিসের প্রতিষ্ঠাতা ছিলেন।
শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের উপ-পরিচালক মুজিবুর রহমান ডিলু এ তথ্য জানিয়েছেন। তিনি গণমাধ্যমকে বলেন, ডায়াবেটিস ও নানা রোগে ভুগছিলেন শান্ত। করোনা পজিটিভও ছিল তার। সিএমএইচ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় এই বীর মুক্তিযোদ্ধা শনিবার সকালে মারা যান।
জানাজা শেষে বনানীতে মা-বাবার কবরের পাশে ইমামুল শান্তকে দাফন করা হবে বলেও জানান মজিবুর।
শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির জনসংযোগ কর্মককর্তা শাহানা ফেরদৌসী জানান জানান, ৬৬ বছর বয়সী ইমামুল কবির করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এরপর চার দিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
উল্লেখ্য, শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজি, সুন্দরবন কুরিয়ার সার্ভিস, শান্তনিবাস ও শান্ত-মারিয়াম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান ছিলেন ইমামুল কবির শান্ত।

