জিয়ার মৃত্যুবার্ষিকী পালিত
উত্তরদক্ষিণ শনিবার ৩০ মে ২০২০। ১৩:২৯
দলের প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদায় পালন করেছে বিএনপি। করোনা মহামারির কারণে সীমিত ভাবে আয়োজনের মধ্যে ছিলো দলীয় কার্যালয়ে কালো পতাকা উত্তলোন, কালো ব্যাজ ধারণ ও জিয়ার সমাধিতে ফুল দেয়া সহ বেশ কিছু কর্মসূচী।
আজ শনিবার (৩০ মে) সকালে নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালযয়ে ও গুলশানে চেয়ারপারসনের কার্যালয়ে দলীয় পতাকা অর্ধনমিত এবং কালো পতাকা উত্তোলন করা হয়।
এরপর সকাল ১১টায় দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে শেরে বাংলা নগরে জিয়ার সমাধিতে ফুল দেন বিএনপি’র কেন্দ্রীয় নেতৃবৃন্দ। এ সময় উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির মওদুদ আহমদ, মির্জা আব্বাস, গয়েশ্বর চন্দ্র রায়, নজরুল ইসলাম খান, সেলিমা রহমান, ইকবাল হাসান মাহমুদ টুকু প্রমুখ।
কালো ব্যাজ ধারণ করে ফুল দেওয়ার পর নেতৃবৃন্দ তাদের প্রয়াত নেতার আত্মার মাগফেরাত কামনা করে জাতীয়তাবাদী ওলামা দলের আহ্বায়ক মাওলানা শাহ নেছারুল হকের পরিচালনায় মোনাজাত করেন।
অন্যান্য কর্মসূচীঃ আজ বিকাল সাড়ে ৩টায় রয়েছে বিএনপির আয়োজনে ভার্চুয়াল আলোচনা সভা এবং মহানগর বিএনপির উদ্যোগে সামাজিক দূরত্ব বজায় রেখে সিটি করপোরেশনের বিভিন্ন ওয়ার্ডে দুস্থদের মধ্যে খাবার বিতরণের কর্মসূচি রয়েছে।
এছাড়া ১ জুন থেকে ১০ পর্যন্ত জিয়ার জীবন-কর্মের ওপর সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়ভিত্তিক ভার্চুয়াল আলোচনা সভা হবে।
দিবসটি উপলক্ষে বিএনপি সামাজিত যোগাযোগ মাধ্যমে জিয়ার ছবি সম্বলিত পোস্টার প্রকাশ করেছে, কয়েকটি দৈনিকে বিশেষ ক্রোড়পত্রও প্রকাশ করা হয়েছে।
১৯৮১ সালের ৩০ মে চট্টগ্রাম সার্কিট হাউজে সেনাবাহিনীর একদল সদস্যের ব্যর্থ অভ্যুত্থানে নিহত হন তৎকালীন রাষ্ট্রপতি জিয়া। বিএনপি দিনটিকে “শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের শাহাদাৎ দিবস’ হিসেবে পালন করে থাকে। এদিনে প্রতিবছর নানা কর্মসূচি পালন করা হলেও এবার করোনা ভাইরাস জনিত মহামারির কারণে এ বছর সীমিত কর্মসূচিতে তা পালন করছে বিএনপি।

