শীর্ষ তালিকার আরও একধাপ উপরে উঠে এলো বাংলাদেশ!
উত্তরদক্ষিণ রবিবার ৩১ মে ২০২০। আপডেট ১৫:৫৫
করোনাভাইরাস বা কভিড-১৯ সংক্রমণ বৃদ্ধি পাওয়ায় নেদারল্যান্ডসকে পেছনে ফেলে আরও একধাপ উপরে উঠে এসেছে বাংলাদেশ। বর্তমানে বাংলাদেশ শীর্ষ ২১তম অবস্থানে আছে। বেশ কিছুদিন ধরে এই অবস্থানে ছিল নেদারল্যান্ডস। নেদারল্যান্ডসে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৪৬ হাজারের কিছু বেশি। রবিবার (৩১ মে) বাংলাদেশ সরকারের সবশেষ প্রকাশিত তথ্যে দেশে আক্রান্তের সংখ্যা এখন ৪৭ হাজারের বেশি। যদিও বাংলাদেশের চেয়ে নেদারল্যান্ডসে মৃত্যু অনেক বেশি।
করোনা জরিপকারী প্রতিষ্ঠান ওয়ার্ল্ডওমিটারে রবিবার গ্রিনিচ মান সময় ০৯:৩৮টায় সবশেষ প্রকাশিত তথ্যে দেখা গেছে, বিশ্বে এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছে ৬১ লাখ ৭৬ হাজার ৪৮৬ জন, মৃত্যু হয়েছে ৩ লাখ ৭১ হাজার ২৮৬ জনের। আর এ পর্যন্ত সুস্থ হয়েছেন ২৭ লাখ ৪৫ হাজার।
আক্রান্তদের মধ্যে শুধু আমেরিকাতেই এই সংখ্যা ১৮ লাখের অধিক। দেশটিতে মৃত্যুও সর্বাধিক, ১ লাখ সাড়ে ৫ হাজারের বেশি। এর পর দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলে আক্রান্ত দুদিন আগেই ৪ লাখ পাড় হয়েছে। দেশটিতে আক্রান্ত বর্তমানে ৫ লাখ থেকে মাত্র ৩৪ জন কম। ৪ লাখের উপরে আক্রান্ত আরেকটি দেশ হলো রাশিয়া।
এছাড়া স্পেন, ব্রিটেনে আক্রান্ত সংখ্যা ৩ লাখ ছুঁইছুঁই করছে। ইতালিতে সোয়া দুই লাখের উপরে আর ফ্রান্সে ২ লাখের কাছাকাছি। একই অবস্থা জার্মানি ও ইন্ডিয়ার।
শীর্ষ তালিকার ১৮তম অবস্থানে আছে পাকিস্তান। দেশটিতে আক্রান্ত সংখ্যা ৭০ হাজারের কাছাকাছি। পাকিস্তানের পরে আছে যথাক্রমে বেলজিয়াম, কাতার, বাংলাদেশ ও নেদারল্যান্ডস। এর মধ্যে গত ৩দিন ধরে বাংলাদেশ ছিল তালিকার ২২ নম্বরে। ২১ নম্বরে ছিল নেদারল্যান্ডস। বরিবার নেদারল্যান্সকে পেছনে ফেলে আরও একধাপ উঠে এসেছে বাংলাদেশের নাম। যদিও নেদারল্যান্ডসে মৃত্যু হয়েছে ৫ হাজার ৯৫১ জনের। বাংলাদেশে এই সংখ্যা ৬৫০ জন। সূত্র: ওয়ার্ল্ডওমিটার।

