করোনায় বঙ্গবন্ধু মেডিকেলের চিকিৎসকের মৃত্যু
উত্তরদক্ষিণ । শুক্রবার ১২ জুন ২০২০ । ১১:২০
বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) শিশু সার্জারি বিভাগের অধ্যাপক ডা. গাজী জহিরুল হাসান করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। বৃহস্পতিবার (১১ জুন) দিবাগত রাত দেড়টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের নিবিড় পরিচর্যাকেন্দ্রে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। বঙ্গবন্ধু মেডিকেলের জনসংযোগ কর্মকর্তা প্রশান্ত কুমার কর্মকার এ তথ্য জানিয়েছেন।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা. কনক কান্তি বড়ুয়া শুক্রবার গণমাধ্যমকে বলেন, প্রায় ১৫ দিন আগে গাজী জহিরুল হাসানের কোভিড-১৯ শনাক্ত হয়। অবস্থার অবনতি হলে গত ৫ জুন তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। তার অক্সিজেন সেচুরেশন কমে যাচ্ছিল। এ কারণে ঢাকা মেডিকেলের আইসিইউতে নেওয়া হয়েছিল। কিন্তু বাঁচানো যায়নি।
অধ্যাপক জহিরুলের মৃত্যুতে শোক জানিয়ে কনক কান্তি বড়ুয়া বলেন, তিনি একজন দক্ষ চিকিৎসক ছিলেন। চিকিৎসা শিক্ষায়ও তার অনেক অবদান ছিল। আমাদের অনেক ক্ষতি হয়ে গেল। গাজী জহিরুল ময়মনসিংহ মেডিকেল কলেজের সপ্তদশ ব্যাচের শিক্ষার্থী ছিলেন।
একটি সূত্রে জানা গেছে, দেশে করোনায় এ পর্যন্ত অন্তত ২৫ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে। আক্রান্তের সংখ্যা কমপক্ষে ১ হাজার ১০৮ জন।

