দেশে করোনায় আক্রান্ত লাখ ছাড়ালো
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০ । ১৪:৫০
দেশের গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ৩ হাজার ৮০৩ জনের মধ্যে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্তের সংখ্যা ১ লাখ ছাড়ালো। এর মাধ্যমে কানাডা-কে টপকে শীর্ষতালিকার ১৭তম স্থানে উঠে এসেছে বাংলাদেশ। সেই সঙ্গে বিশ্বে করোনায় আক্রান্ত লাখ পাড় হওয়া দেশের সংখ্যাও একটি বেড়েছে। এর আগে এই সংখ্যা ছিল ১৬টি। বাংলাদেশে আক্রান্ত সংখ্যা লাখ পাড় হতে সময় লেগেছে ১০২ দিন।
বৃহস্পতিবার (১৮ জুন) স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত বুলেটিনে অতিরিক্ত মহাপরিচালক নাসিমা সুলতানা জানিয়েছেন, বর্তমানে দেশে করোনা শনাক্তের মোট সংখ্যা দাঁড়িয়েছে ১ লাখ ২ হাজার ২৯২ জনে। গত ২৪ ঘণ্টায় দেশে কোভিড-১৯ এ আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে দেশটিতে মোট মৃত্যুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৪৩ জন।
এদিন করোনার সবশেষ তথ্য তুলে ধরার আগে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক আবুল কালাম আজাদ বক্তব্য দেন। তিনি দীর্ঘদিন পর নিয়মিত এই ব্রিফিংয়ে এসে যোগ দিলেন। তিনি জানান, তিনি নিজেও কোভিড-১৯ আক্রান্ত হয়েছিলেন এবং বেশ কিছুদিন তাকে হাসপাতালে ভর্তি থেকে চিকিৎসা নিতে হয়েছে। সুস্থ হয়ে আবারও তিনি ব্রিফিংয়ে এসে সবার প্রতি কৃতজ্ঞতা জানান।
অধ্যাপক নাসিমা সুলতানা জানান, আইডিসিআরের ‘অনুমিত’ হিসাবে বাসা ও হাসপাতালে চিকিৎসাধীন আরও ১ হাজার ৯৭৫ জন রোগী সুস্থ হয়ে উঠেছেন গত ২৪ ঘণ্টায়। তাতে সুস্থ রোগীর সংখ্যা দাঁড়াল মোট ৪০ হাজার ১৬৪ জনে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার দশ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। প্রথম রোগী শনাক্তের ২৮দিন পর ৬ এপ্রিল শনাক্ত রোগীর সংখ্যা ১০০ ছাড়ায়। ১৪ এপ্রিল এক হাজার ছাড়ায় শনাক্ত রোগী। এরপর ৪ মে ১০ হাজার, ১৫ মে ২০ হাজার এবং ২ জুন পঞ্চাশ হাজার ছাড়িয়েছিল শনাক্ত রোগীর সংখ্যা। পরের ১৬ দিনেই শনাক্ত রোগীর সংখ্যা এক লাখ ছাড়াল।

