বিএসটিআইসহ ৩ সংস্থায় নতুন ডিজি

বিএসটিআইসহ ৩ সংস্থায় নতুন ডিজি

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ১৮ জুন ২০২০। ২০:৪২

জনপ্রশাসনে রদবদলে নতুন মহাপরিচালক (ডিজি) পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউট (বিএসটিআই), দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর এবং এনজিও বিষয়ক ব্যুরো।

বৃহস্পতিবার (১৮ জুন) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. নজরুল আনোয়ার বিএসটিআইর মহাপরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন। বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আতিকুল হককে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক নিয়োগ দেওয়া হয়েছে। আর বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের নির্বাহী সদস্য মহসিনা ইয়াসমিনকে এনজিও বিষয়ক ব্যুরোর মহাপরিচালক নিয়োগ দিয়ে বৃহস্পতিবার পৃথক আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

তিনজনকেই গ্রেড-১ এ পদোন্নতি দিয়ে মহাপরিচালক হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। অপরদিকে, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহাপরিচালক মো. মোহসীনকে পদোন্নতি দিয়ে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সচিব করা হয়েছে পৃথক প্রজ্ঞাপনে। আর অবসরে যাওয়ার সুবিধার্থে বিএসটিআইয়ের মহাপরিচালক মো. মুয়াজ্জেম হোসাইনকে বৃহস্পতিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওএসডি) করা হয়েছে।

আলাদা আদেশে সরকারি কর্মচারি হাসপাতালের পরিচালক (অতিরিক্ত সচিব) মোহাম্মদ মাহবুবুর রহমানকে লাইসেন্সিং কর্তৃপক্ষ মেইলিং অপারেটর ও কুরিয়ার সার্ভিস প্রতিষ্ঠানের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।

এছাড়া সরকারি যানবাহন অধিদপ্তরের পরিচালক (অতিরিক্ত সচিব) মো. শাহজাহান আলীকে জাতীয় গৃহায়ন কর্তৃপক্ষের সদস্য এবং ভূমি সংস্কার বোর্ডের সদস্য (অতিরিক্ত সচিব) মোহাম্মদ জাকির হোসেনকে কবি নজরুল ইনস্টিটিউটের নির্বাহী পরিচালক নিয়োগ দিয়েছে সরকার।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading