সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ করোনায় আক্রান্ত

উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । আপডেট ১৬:৩০

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় বিষয়ক সাবেক মন্ত্রী এবং ফরিদপুর-৩ আসনের এমপি ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন করোনায় আক্রান্ত হয়েছেন। শুক্রবার (১৯ জুন) তিনি নিজেই গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন। তিনি দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন।

গণমাধ্যমকে খন্দকার মোশাররফ বলেন, ‘আমার নমুনা পরীক্ষা করা হয়েছিল। ফলাফল পজিটিভ এসেছে।’ তবে তিনি সুস্থ আছেন এবং ঢাকার বাসায় অবস্থান করছেন। সবার কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছেন।

মোশারফ হোসেনের মেয়ের জামাই ও সিরাজগঞ্জ-২ আসনের এমপি ডা. হাবিবে মিল্লাত বলেন, ‘এমনিতেই পরিবারের সবার নমুনা পরীক্ষা করা হয়েছিল। বৃহস্পতিবার (১৮ জুন) রিপোর্ট পেয়েছি। তার (মোশারফ হোসেন) পজিটিভ এসেছে। কোনও ধরনের উপসর্গ নেই। সম্পূর্ণ সুস্থ আছেন। পরিবারে আর কারও পজিটিভ আসেনি।’

আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন ২০০৯ সাল থেকে টানা দুই মেয়াদে সরকারের মন্ত্রিসভার সদস্য হিসেবে দায়িত্ব পালন করেন। সর্বশেষ তিনি স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করেন। ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন আত্মীয়তার সূত্রে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিয়াই হন। প্রধানমন্ত্রীর একমাত্র মেয়ে সায়মা হোসেন পুতুলকে খন্দকার মোশাররফের ছেলে মাসরুর হোসেনের সঙ্গে বিয়ে দিয়েছেন।

১৪ সংসদ সদস্য করোনা আক্রান্ত
খন্দকার মোশাররফসহ এ পর্যন্ত মোট ১৪ জন সংসদ সদস্য করোনা আক্রান্ত হয়েছেন। এরমধ্যে রয়েছেন, মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী গাজীপুর-১ আসনের সংসদ সদস্য আ ক ম মোজাম্মেল হক, বাণিজ্যমন্ত্রী রংপুর-৪ আসনের সংসদ সদস্য টিপু মুনশি, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং, সাবেক চিফ হুইপ ও মৌলভীবাজার-৪ আসনের এমপি উপাধ্যক্ষ আব্দুস শহীদ, নওগাঁ-২ আসনের শহীদুজ্জামান সরকার, চট্টগ্রাম-৬ আসনের এবিএম ফজলে করিম চৌধুরী, যশোর-৪ আসনের রণজিৎ কুমার রায়, জামালপুর-২ আসনের ফরিদুল হক খান, ব্রাহ্মণবাড়িয়া-৪ আসনের এবাদুল করিম, চট্টগ্রাম-৮ আসনের মোসলেম উদ্দিন আহমেদ, চট্টগ্রাম-১৬ আসনের মোস্তাফিজুর রহমান চৌধুরী, সিলেট-২ আসনের মোকাব্বির খান ও সিরাজগঞ্জ-১ আসনের মোহাম্মদ নাসিম।

এর মধ্যে মোহাম্মদ নাসিম মারা গেছেন। আর মোকাব্বির খান ছাড়া আক্রান্ত সবাই আওয়ামী লীগ দলীয় এমপি। এছাড়া টেকনোক্র্যাট কোটার প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading