করোনায় মারা গেলেন ওলামা দলের নেতা মাওলানা দ্বীন মোহাম্মদ
উত্তরদক্ষিণ । শুক্রবার ১৯ জুন ২০২০ । ২২:১৩
বিএনপির অঙ্গ সংগঠন ওলামা দলের সাবেক প্রচার সম্পাদক মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন। শুক্রবার (১৯ জুন) সকাল সাড়ে ৯টায় তিনি রাজধানীর ডা. সিরাজুল ইসলাম মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।
বিএনপির দফতর বিভাগ থেকে জানানো হয়েছে, মাওলানা দ্বীন মোহাম্মদের মৃত্যুতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, ব্যারিস্টার মওদুদ আহমদ, ভাইস চেয়ারম্যান বরকত উল্লাহ বুলু, মো. শাহজাহান, চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য জয়নুল আবদীন ফারুক, যুগ্ম মহাসচিব ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন এবং সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম শোক প্রকাশ ও মরহুমের পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
শোকবার্তায় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নীতি-আদর্শ এবং বাংলাদেশি জাতীয়তাবাদী দর্শনে গভীরভাবে আস্থাশীল থেকে মাওলানা দ্বীন মোহাম্মদ কাশেমী জাতীয়তাবাদী ওলামা দলকে শক্তিশালী ও গতিশীল করতে নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন। এছাড়া, বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার নেতৃত্বে মানুষের গণতান্ত্রিক অধিকার আদায়ের আন্দোলন সংগ্রামেও ছিল তার সাহসী ও বলিষ্ঠ ভূমিকা।’ বিএনপি মহাসচিব শোকবার্তায় মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্য, আত্মীয়স্বজন, গুণগ্রাহী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।
গত ১৩ জুন বিএনপির মহাসচিব জানিয়েছিলেন, তাদের কাছে প্রাপ্ত সর্বশেষ তথ্য অনুযায়ী (১৩ জুন পর্যন্ত) করোনাভাইরাসে ১২১ জন নেতাকর্মী আক্রান্ত হয়েছেন এবং ৫৬ জন নেতাকর্মী মৃত্যুবরণ করেন।
মাওলানা দ্বীন মোহম্মাদের মৃত্যুর মধ্য দিয়ে মৃতের সংখ্যা এখন ৫৭তে দাঁড়ালো।

