করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু
উত্তরদক্ষিণ । শনিবার ২০ জুন ২০২০ । আপডেট ১৪:০০
করোনায় বাংলাদেশ পুলিশের আরও এক সদস্য মারা গেলেন। মৃত ফয়সাল আলম (৩৮) বগুড়ার নারুলি পুলিশ ফাঁড়িতে কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। শুক্রবার (১৯ জুন) তিনি মারা যান বলে পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা শনিবার (২০ জুন) গণমাধ্যমকে জানিয়েছেন।
সোহেল রানা জানান, মৃত কনস্টেবল ফয়সাল আলমের বাড়ি রাজশাহীর গোদাগাড়ী থানার রাণীনগর গ্রামে। মৃত্যুকালে তিনি স্ত্রী ও দুই ছেলেসহ আত্মীয়-স্বজন রেখে গেছেন। পুলিশের ব্যবস্থাপনায় মরদেহ তার গ্রামের বাড়িতে পাঠানো হয়। সেখানে বগুড়া জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপস্থিতিতে পারিবারিক কবরস্থানে তার দাফন করা হয়েছে।
ফয়সালসহ করোনা আক্রান্ত হয়ে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ২৮ জন সদস্য মারা গেলেন। পুলিশ সদর দফতরের একজন কর্মকর্তা জানান, শনিবার (১৯ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের মোট ৮ হাজার ৪৯৬ জন সদস্য করোনায় আক্রান্ত হয়েছেন। সুস্থ হয়েছেন ৪ হাজার ৮১১ জন।

