দেশে নতুন আক্রান্ত ৩৪১২, মৃত্যু ৪৩, সুস্থ ৮৮০ জন
উত্তরদক্ষিণ । মঙ্গলবার ২৩ জুন ২০২০ । আপডেট ১৪:৪০
দেশে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনাভাইরাসে সংক্রমিত ব্যক্তি শনাক্ত হয়েছেন ৩৪১২ জন। মারা গেছেন ৪৩ জন। এ নিয়ে বাংলাদেশে কোভিড-১৯ আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়ালো ১৫৪৫ জনে। মোট আক্রান্তের সংখ্যা ১ লাখ ১৯ হাজার ১৯৮ জন। আর গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ভর্তি রোগী ও বাড়িতে থেকে চিকিৎসা নেওয়া রোগীদের মধ্যে আরও ৮৮০ জন রোগী সুস্থ হয়েছেন। এ নিয়ে সুস্থ রোগীর সংখ্যা ৪৭ হাজার ৬৩৫ জনে দাঁড়িয়েছে।
মঙ্গলবার (২৩ জুন) দৈনিক স্বাস্থ্য বুলেটিনে এই তথ্য জানিয়েছেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. নাসিমা সুলতানা। তিনি জানান, মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত গত ২৪ ঘণ্টায় ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা করে ৩ হাজার ৪১২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে।
বাংলাদেশে করোনাভাইরাসের প্রথম সংক্রমণ ধরা পড়েছিল ৮ মার্চ, তার ১০ দিনের মাথায় প্রথম মৃত্যুর খবর আসে। ১৮ জুন দেশে শনাক্ত রোগীর সংখ্যা ১ লাখ ছাড়িয়ে যায়। মৃত্যুর সংখ্যা দেড় হাজার ছাড়ায় ২২ জুন।
ডা. নাসিমা সুলতানা বলেন, গত একদিনে যারা মারা গেছেন, তাদের মধ্যে ৩৮ জন পুরুষ, ৫ জন নারী। তাদের মধ্যে ৩০ জন হাসপাতালে এবং ১২ জন বাড়িতে মারা যান; একজনকে মৃত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়েছিল।
বুলেটিনে জানানো হয়, গত ২৪ ঘণ্টায় দেশে ৬২টি পরীক্ষাগারে ১৬ হাজার ২৯২টি নমুনা পরীক্ষা হয়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২০ দশমিক ৯৪ শতাংশ। আর শনাক্ত রোগীর সংখ্যা বিবেচনায় সুস্থতার হার ৩৯ দশমিক ৯৬ শতাংশ, মৃতের হার ১ দশমিক ৩০ শতাংশ।

