করোনায় মৃত বিচারক ফেরদৌস আহমেদের দাফন সম্পন্ন
উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ১৭:০০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা যাওয়া লালমনিরহাটের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) ফেরদৌস আহমেদের দাফন সম্পন্ন হয়েছে।
বৃহস্পতিবার বেলা ১১টায় জামালপুর শহরে তার নিজ এলাকায় দেওয়ানপাড়া ট্রেনিস ক্লাব মাঠে নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। পরে কেন্দ্রীয় পৌর গোরস্থানে মরদেহ দাফন করা হয়।
জানাজায় জামালপুরের জেলা ও দায়রা জজ মো. জুলফিকার আলী খাঁন ও চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট রফিকুল ইসলাম ও কেন্দ্রীয় আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এবং সাবেক প্রতিমন্ত্রী মির্জা আজম অংশ নেন।
এর আগে বুধবার (২৪ জুন) রাত ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় বিচারক ফেরদৌস আহমেদ মারা যান (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে এটাই প্রথম কোনো বিচারকের মৃত্যু। সংশ্লিষ্টদের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত দেশে নিম্ন আদালতের কমপক্ষে ১৬ জন বিচারক করোনায় আক্রান্ত হয়েছেন। তাদের মধ্যে ফেরদৌস আহমেদ মারা গেলেন।

