জনগণের ওপর চাপ দিয়ে কর আদায় করছে সরকার: ফখরুল

জনগণের ওপর চাপ দিয়ে কর আদায় করছে সরকার: ফখরুল

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার ২৫ জুন ২০২০ । আপডেট ২০:৪০

করোনাভাইরাস সঙ্কটের মধ্যে জনগণের ওপর চাপ দিয়ে সরকার কর আদায় করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার (২৫ জুন) এক ভার্চুয়াল অনুষ্ঠানে যুক্ত হয়ে তিনি বলেন, এই দুঃসময়ে ইলেক্ট্রিক বিল, ইনকাম ট্যাক্স, অ্যাডভান্স ইনকাম ট্যাক্স, মিউনিসিপ্যাল ট্যাক্স ও অন্যান্য যেসব ট্যাক্স আছে তা আপাতত বন্ধ করা উচিত। এজন্য যে, এখন মানুষের পক্ষে এসব ট্যাক্স দেয়া অসম্ভব হয়ে দাঁড়িয়েছে। অথচ এই ট্যাক্সগুলো এখন আরো চাপ দিয়ে জনগণের কাছে থেকে আদায় করা হচ্ছে।’

বিদ্যুতের অতিরিক্ত বিল আদায়ের প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, করোনার এই দুঃসময়েও ইলেক্ট্রিসিটির ভৌতিক বিল তৈরি করা হচ্ছে। প্রচুর বিল আসছে। যেখানে ৫ হাজার, ৬ হাজার টাকা বিল হয় সেখানে ৩০ থেকে ৩৫ হাজার টাকা থেকে ৪০ হাজার টাকা বিল করা হচ্ছে। আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি। আমরা অবিলম্বে এসব বিল আদায় আপাতত বন্ধ করা এবং ওইসব বিল সংশোধন করার জন্য দাবি জানাচ্ছি।

উত্তরার বাসা থেকে বিএনপির ‘জাতীয় করোনা পরিস্থিতি পর্যবেক্ষন সেল’র ত্রাণ বিতরণ কর্মকাণ্ড তুলে ধরেন বিএনপি মহাসচিব। তিনি জানান, গত ২০ মার্চ থেকে ২৪ জুন পর্যন্ত বিএনপি ও অঙ্গসংগঠনগুলো সারাদেশে ৫৪ লাখ ১২ হাজার ৪১৬টি পরিবারকে খাদ্য সামগ্রীসহ আর্থিক সহযোগিতা করেছে। এতে দুই কোটি ১৬ লাখ ৪৯ হাজার ৬৬৪ জন মানুষ উপকৃত হয়েছে।

বিএনপির বাইরে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাব, জিয়াউর রহমান ফাউন্ডেশনসহ দলের নেতারাও কয়েক লাখ মাস্ক, স্যানিটাইজার, সাবান ও পিপিই বিতরণ করেছে।

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার শারীরিক অবস্থা জানতে চাইলে মির্জা ফখরুল বলেন, উনি যেখানে আছেন সেখানে করোনা যাতে সংক্রমিত না হয় সেজন্য সব রকমের ব্যবস্থা নেয়া হয়েছে। উনি করোনা থেকে মুক্ত আছেন। উনার যে অসুখ ছিল সেই অসুখের খুব একটা উন্নতি হয়নি। কারণ, এখানে কোনো রকম চিকিৎসার সুযোগ পাওয়া যায়নি, যাচ্ছে না। হাসপাতালগুলোতে যাওয়া যায় না। বাইরে যাওয়ার ব্যাপারে তো শর্তই দিয়ে দিয়েছে যে, বাইরে যেতে পারবেন না। ওই অবস্থায় খুব বেশি উন্নতি হয়নি। উনার যেটা মূল অসুখ সেই অসুখের চিকিৎসা তো হচ্ছে না।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading