ডাক্তার-নার্সসহ ৯ হাজার স্বাস্থ্যকর্মী নিয়োগ দেয়া হবে: সংসদে প্রধানমন্ত্রী
উত্তরদক্ষিণ। সোমবার ২৯ জুন ২০২০। আপডেট ১৫:১০
করোনাভাইরাস মোকাবিলায় আরও ২ হাজার চিকিৎসক, ৪ হাজার নার্স ও ৩ হাজার টেকনিশিয়ানসহ মোট ৯ হাজার স্বাস্থ্যকর্মীর পদ সৃষ্টি ও নিয়োগ করা হবে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে প্রস্তাবিত ২০২০-২১ অর্থবছরের বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব তথ্য জানান। প্রধানমন্ত্রী বলেন, ‘করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার জন্য অল্প সময়ের মধ্যে ২ হাজার ডাক্তার ও ৬ হাজার নার্স নিয়োগ দিয়েছি। আরও ২ হাজার চিকিৎসকের পদ সৃষ্টি করা হয়েছে। আমরা ৪ হাজার নার্স নিয়োগ দেবো শিগগিরই। স্বাস্থ্যমন্ত্রীকে এ ব্যাপারে নির্দেশনা দেয়া হয়েছে। সেইসঙ্গে স্বাস্থ্য খাতে ৩ হাজার টেকনিশিয়ানের পদ সৃষ্টি করা হয়েছে। তাদের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছে।’
সরকার প্রধান বলেন, ‘কোভিড-১৯ চিকিৎসা সেবায় নিয়োজিত চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মীদের সম্পূর্ণ সরকারি খরচে হোটেলে থাকা-খাওয়া ও যাতায়াতের ব্যবস্থা করা হয়েছে। তবে, থাকা-খাওয়ায় একমাত্র ঢাকা মেডিক্যাল কলেজের হিসাব অস্বাভাবিক মনে হচ্ছে বলে বিরোধী দলীয় উপনেতা যেটা বলেছেন— এটাকে স্বাভাবিকভাবেই অস্বাভাবিক মনে হয়। আমরা তদন্ত করে দেখছি, এত অস্বাভাবিক কেন হলো? এখানে কোনও অনিয়ম হলে আমরা তার ব্যবস্থা নেবো।’
সংসদ নেতা বলেন, ‘(স্বাস্থ্যখাতে) যন্ত্রপাতি, টেস্ট কিট, সরঞ্চামাদি কেনাসহ চিকিৎসা সুবিধা আরও বাড়ানোর লক্ষ্যে আমরা দ্রুততম সময় ২ হাজার ৫০০ কোটি টাকা ব্যয়ে দুটি প্রকল্প অনুমোদন দিয়েছি। আরও একটি প্রকল্প চূড়ান্ত পর্যায়ে রয়েছে। এগুলো বাস্তবায়ন হলে করোনা মোকাবিলায় আমাদের সামর্থ আরও বাড়বে বলে বিশ্বাস করি।’

