বনানীতে ছোট মেয়ের পাশে শায়িত হলেন লতিফুর রহমান
উত্তরদক্ষিণ। বুধবার, ০১ জুলাই ২০২০। ২৩:৫৬
ঢাকার বনানী কবরস্থানে ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের কবরের পাশে চিরনিদ্রায় শায়িত হলেন প্রথম আলো ও ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান। বুধবার (০১ জুলাই রাত ১০টা দিকে তাঁকে সেখানে দাফন করা হয়।
এর আগে রাত পৌনে ৯টার দিকে লতিফুর রহমানের মরদেহ তাঁর গুলশানের বাসায় নেওয়া হয়। সেখানে ছুটে আসেন আত্মীয়-স্বজন ও পরিবারের ঘনিষ্ঠরা।
দেশের বিশিষ্ট ব্যবসায়ী লতিফুর রহমান বুধবার (০১ জুলাই) বেলা সাড়ে ১১টায় কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার চিওড়া গ্রামের ফারাজ মঞ্জিলে মারা যান।
সেখানে তাকে মৃতদেহ গোসলের পর একটি বেসরকারী লাশবাহী ফ্রিজিং গাড়িতে করে তার মরদেহ সন্ধ্যায় গ্রামের বাড়ি থেকে ঢাকার উদ্দেশে রওনা হয়।
রাত সাড়ে ৮টার দিকে ঢাকায় পৌঁছানোর পর লতিফুর রহমানের মরদেহ নেওয়া হয় তাঁর গুলশানের বাসভবনে। এরপর মরদেহ গুলশান আজাদ মসজিদে নিয়ে যাওয়া হয়। সেখানে রাত সাড়ে ৯টার দিকে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়। জানাজার আগে লতিফুর রহমানের জন্য দোয়া চান তাঁর নাতি যারেফ আয়াত হোসেন।
জানাজার পর বনানী কবরস্থানে ছোট মেয়ে শাজনীন তাসনিম রহমানের কবরের পাশে রাত ১০টার দিকে তাঁকে দাফন করা হয়।

