সব খাতই ‘আকণ্ঠ দুর্নীতিতে’ নিমজ্জিত: রিজভী

সব খাতই ‘আকণ্ঠ দুর্নীতিতে’ নিমজ্জিত: রিজভী

উত্তরদক্ষিণ । মঙ্গলবার, ০৭ জুলাই ২০২০ । আপডেট ২১:৫০

দেশের সব খাতই ‘আকণ্ঠ দুর্নীতিতে’ নিমজ্জিত বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, ‘প্রতিদিন সরকারের এসব দুর্নীতির খবর গণমাধ্যমে প্রকাশিত হচ্ছে। দুর্নীতি ও লুটপাটই হচ্ছে আওয়ামী লীগের ওবায়দুল কাদের কাছে পূর্ণিমার আলো।’ মঙ্গলবার (৭ জুলাই) নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক ভার্চুয়াল সংবাদ সম্মেলনে এসব কথা বলেন তিনি।

গতকাল সোমবার ওবায়দুল কাদের বলেছেন, ‘করোনার সংকটেও আজগুবী তথ্য দিয়ে জাতিকে বিভ্রান্ত করছে বিএনপি। পূর্ণিমার রাতেও বিএনপি অমবস্যার অন্ধকার দেখতে পায়।’ এর জবাবে এদিন রিজভী বলেন, ‘বিএনপি জাতিকে বিভ্রান্ত করছে না। বরং জাতির সামনে প্রতিনিয়ত সঠিক তথ্য তুলে ধরছে।’

সরকার করোনার নমুনা পরীক্ষাও নিয়ন্ত্রণ করছে দাবি করে বিএনপির এই মুখপাত্র বলেন, ‘এই উচ্চ সংক্রমণের সময়ও কেন করোনা পরীক্ষা কমে গেল? তার কি কোনও উত্তর দিতে পারবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক? কয়েকদিন আগে ১৫-১৬ হাজার জনের নমুনা পরীক্ষা করা হচ্ছিলো। এখন তা ১১-১২ হাজারে নেমে এসেছে।’

রিজভী বলেন, ‘এবারের বাজেটেও সরকারের টার্গেট হচ্ছে ব্যাংক থেকে ব্যাপক পরিমাণে ঋণ নেওয়া। এই ঋণ জনকল্যাণের কাজে ব্যবহৃত হবে না। মেগা প্রজেক্টের নামে লুটপাটেই শেষ হয়ে যাবে।’

রিজভী বলেন, ‘স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে চুক্তিবদ্ধ আওয়ামী লীগ নেতার রিজেন্ট হাসপাতালে করোনার সঠিক পরীক্ষা না করে হাজার হাজার মানুষদের দেওয়া হয়েছে করোনার পরীক্ষার ভুল রিপোর্ট। এভাবে কোটি কোটি টাকা হাতিয়ে নিয়েছে হাসপাতালটি।’

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading