রাজধানীর দরিদ্রদের ৭ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা দিচ্ছে আমেরিকা

রাজধানীর দরিদ্রদের ৭ মিলিয়ন ডলারের খাদ্য সহায়তা দিচ্ছে আমেরিকা

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২০। আপডেট ০৭:০০

নভেল করোনাভাইরাস রোগে (কোভিড-১৯) উচ্চ ঝুঁকির মধ্যে থাকা ঢাকার দরিদ্র পরিবারগুলোকে সহায়তা করতে ৭ মিলিয়ন ডলারের নতুন জীবনরক্ষাকারী খাদ্য সহায়তা দিচ্ছে আমেরিকা। গত ৮ জুলাই ঢাকায় এই কর্মসূচির উদ্বোধন করেন মার্কিন রাষ্ট্রদূত আর্ল মিলার ও বাংলাদেশের সমাজকল্যাণ প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু এমপি। এসময় উপস্থিত ছিলেন বিশ্ব খাদ্য কর্মসূচির প্রতিনিধি ও কান্ট্রি ডিরেক্টর রিচার্ড রাগান।

মার্কিন দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, আমেরিকার সরকার আন্তর্জাতিক উন্নয়ন সংস্থার (ইউএসএআইডি) মাধ্যমে এ কর্মসূচির অর্থায়ন করবে এবং এটি বাস্তবায়ন করবে জাতিসংঘের খাদ্য সহায়তা সংক্রান্ত শাখা বিশ্ব খাদ্য কর্মসূচি (ডব্লিউএফপি)। এই কর্মসূচি কোভিড-১৯ মহামারি মোকাবিলায় বাংলাদেশ সরকারের চলমান প্রচেষ্টাগুলোর সঙ্গে যুক্ত হবে বলে উদ্বোধনী অনুষ্ঠানে জানান রাষ্ট্রদূত মিলার।

বিজ্ঞপ্তিতে বলা হয়, এ খাদ্য সহায়তা কর্মসূচির আওতায় রাজধানীর কল্যাণপুর ও সাততলা বস্তি এলাকায় বসবাসরত নিম্ন-আয়ের ১ লাখ লোককে সহায়তা দেয়া হবে। কোনো সদস্য কোভিড-১৯ রোগে আক্রান্ত হওয়ার কারণে যেসব পরিবার কোয়ারেনটিনে আছে, সেসব পরিবারে খাদ্যের ঝুড়ি সরবরাহ করবে। এছাড়া এলাকার বাসিন্দারা বিনামূল্যে অথবা স্বল্পমূল্যে বাংলাদেশি কৃষকদের কাছ থেকে শাকসবজি পেতে এবং স্থানীয় বিক্রেতাদের কাছ থেকে অন্যান্য পুষ্টিকর খাদ্য পেতে ভাউচার পাবেন। কর্মসূচি আরও সম্প্রসারিত হলে এটি বাজার ও স্থানীয় কৃষি উৎপাদনের মধ্যে সংযোগ পুনঃস্থাপনে সহায়তা করার মাধ্যমে স্থানীয় কৃষকদের জন্যও কাজ করবে বলে দূতাবাস থেকে জানানো হয়েছে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading