রাজধানীর গ্রিন রোড থেকে নারীর ক্ষতবিক্ষত লাশ উদ্ধার
উত্তরদক্ষিণ । শুক্রবার, ১০ জুলাই ২০২০ । আপডেট ১২:২০
রাজধানীর কলাবাগান থানার পান্থপথ সিগন্যালের কাছে গ্রিন রোড থেকে মোমেনা খাতুন (৩২) নামে এক নারীর এক নারীর ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। তার বাড়ি শেরপুরে।
শুক্রবার (১০ জুলাই) সকালে পথচারীদের দেয়া তথ্যের ভিত্তিতে লাশটি উদ্ধার করে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। পরে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে বলে জানা গেছে।
বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন, কলাবাগান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিতোষ চন্দ্র।
তিনি বলেন, সকাল আটটার দিকে পথচারীদের দেয়া খবরে ১৫২/২ গ্রিন রোড, ওয়ার্ল্ড ইউনিভার্সিটির পাশের গলিতে রাস্তার ওপর পড়ে থাকা ওই নারীর লাশ উদ্ধার করা হয়। সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
ওসি আরও বলেন, ওই নারীর শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন আছে। ময়নাতদন্ত প্রতিবেদনে স্পষ্ট হবে এটি হত্যাকাণ্ড কি-না। তবে প্রাথমিকভাবে এটি হত্যাকাণ্ড ধরে নিয়েই পুলিশি তদন্ত শুরু হয়েছে। ক্লুলেস এ ঘটনার নেপথ্যের রহস্য উদঘাটনে আশপাশের ভবনের সিসিটিভি ফুটেজ সংগ্রহে থানা পুলিশকে নির্দেশনা দেয়া হয়েছে।

