রিজেন্ট দুর্নীতি: স্বাস্থ্যমন্ত্রীর পদত্যাগ ও বিচার চান ফখরুল
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । আপডেট ১৮:২০
রিজেন্ট হাসপাতালের অনুমোদনের বিষয়ে স্বাস্থ্য অধিদফতরের বক্তব্যের পরিপ্রেক্ষিতে অবিলম্বে স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেকের অবিলম্বে পদত্যাগ করা উচিত বলে মনে করেছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। একই সঙ্গে স্বাস্থ্যখাতে দুর্নীতির সঙ্গে মন্ত্রীর সংশ্লিষ্ট থাকার অভিযোগ করে তাকে বিচারের মুখোমুখি করার পক্ষে মত দেন তিনি। রবিবার (১২ জুলাই) দুপুরে উত্তরার বাসা থেকে এক ভার্চুয়াল অনুষ্ঠানে এসব কথা বলেন বিএনপি মহাসচিব।
স্বাস্থ্যখাতে দুর্নীতি ও বর্তমান আলোচিত ইস্যু টেনে মির্জা ফখরুল বলেন, স্বাস্থ্যমন্ত্রী ও স্বাস্থ্য অধিদফতরেরে মধ্যে এখন যুদ্ধ শুরু হয়েছে। স্বাস্থ্য অধিদফতর বলছে, মন্ত্রণালয় থেকে না বলা হলে তারা রিজেন্ট হসপিটালকে অনুমোদন দিতো না। অর্থাৎ মিনিস্ট্রি থেকে বলা হয়েছে যে, রিজেন্ট হসপিটালকে অনুমতি দিতে হবে। বিএনপি মহাসচিব বলেন, ‘স্বাস্থ্যমন্ত্রী অবিলম্বে পদত্যাগ করা উচিৎ। কেন তিনি অনুমতি দিলেন সে জন্য তাকে বিচারের মুখোমুখি করা উচিৎ।’

মির্জা ফখরুল আরও বলেন, ‘আজকে লজ্জা হয়, যখন দেখি প্রচণ্ড দুঃসময়ের মধ্যে করোনা টেস্ট করতে গিয়ে দুর্নীতি হচ্ছে। গোটা স্বাস্থ্য ব্যবস্থাকে ভেঙে ফেলেছে। যে হারে লুটপাট করেছে সবাই দেখেছেন।’
করোনাভাইরাস সংক্রামণ মোকাবিলায় জিয়াউর রহমান ফাউন্ডেশনের নেয়া কর্মসূচিসমূহের প্রশংসা করে মির্জা ফখরুল বলেন, গোটা পৃথিবীর সভ্যতা আগের অবস্থায় আর থাকবে না, পরিবর্তন হবে, হচ্ছে। কী বদলাবে, কীভাবে বদলাবে সেটা আমরা সবাই জানি না। কিন্তু পরিবর্তন আসছে।
জিয়াউর রহমান ফাউন্ডেশনের উদ্যোগে কোভিড-১৯ রোগীদের স্বাস্থ্যসেবায় হটলাইন কল সেন্টার উদ্বোধন উপলক্ষে এই ভার্চুয়াল অনুষ্ঠান হয়। পরে কল সেন্টার ০৯৬৭৮১০২১০২ নাম্বারে ফোন করে এই কর্মসূচির উদ্বোধন ঘোষণা করেন মির্জা ফখরুল। ফাউন্ডেশনের নির্বাহী পরিচালন অধ্যাপক ফরহাদ হালিম ডোনারের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বিএনপির সিনিয়র যুগ্ম-মহাসচিব রুহুল কবির রিজভী, ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ-ড্যাবের সভাপতি ডা. হারুন অর রশিদ প্রমুখ।

