আপিল বিভাগেও ভার্চুয়াল শুনানি হবে
উত্তরদক্ষিণ । রবিবার, ১২ জুলাই ২০২০ । আপডেট ২১:২৭
করোনাভাইরাস সংক্রমণ পরিস্থিতিতে এবার ভার্চুয়াল উপস্থিতির মাধ্যমে সুপ্রিমকোর্টের আপিল বিভাগে বিচারকাজ শুরু হতে যাচ্ছে। প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন সপ্তাহে দুই দিন (সোম ও বৃহস্পতিবার) আপিল বিভাগের এ ভার্চুয়াল কোর্ট চলার অনুমোদন দিয়েছেন বলে রবিবার (১২ জুলাই) সুপ্রিমকোর্টের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।
আপিল বিভাগের রেজিস্ট্রার মো. বদরুল আলম ভূঞা স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত প্রত্যেক সপ্তাহে সোম ও বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বেলা সোয়া ১টা পর্যন্ত আপিল বিভাগের ভার্চুয়াল কোর্টে শুনানি গ্রহণ করা হবে।
ভার্চুয়াল কোর্টে জরুরি বিষয়ে শুনানি সংক্রান্ত মামলার দৈনন্দিন কার্যতালিকা যথারীতি সুপ্রিমকোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
কোভিড-১৯ মহামারীর মধ্যে ভার্চুয়াল কোর্টের কার্যক্রম পরিচালনার জন্য গত ১০ মে ‘প্র্যাকটিস নির্দেশনা’ জারি করে সুপ্রিমকোর্ট। তখন প্রধান বিচারপতি হাই কোর্টের কয়েকটি ভার্চুয়াল হাইকোর্ট বেঞ্চ গঠন করে দেন। এছাড়াও আপিল বিভাগের বিচারপতি নুরুজ্জামানকে চেম্বার আদালত পরিচালনার জন্য মনোনয়ন দেন।
পরে এই ‘প্র্যাকটিস নির্দেশনা’র আলোকে ১১ মে থেকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে দেশের সর্বোচ্চ আদালত ও অধস্তন আদালতের বিচারিক কার্যক্রম চলছে। উচ্চ আদালতে ১৫টি ভার্চুয়াল বেঞ্চে বিচারকাজ চলার পাশাপাশি আপিল বিভাগের ভার্চুয়াল চেম্বার আদালতেও চলছিল বিচারকাজ।

