বরিশাল কলেজের নাম পরিবর্তন, উত্তাপ-উত্তেজনা
উত্তরদক্ষিণ। বৃহস্পতিবার ১৬ জুলাই ২০২০। আপডেট ২১:১০
সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন নিয়ে বরিশালজুড়ে উত্তাপ্ত উত্তেজনা দেখা দিয়েছে। কলেজ শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয় রাজনীতিবীদরাও কেউ কেউ জড়িয়েছেন এর প্রতিবাদ আন্দোলনে। গত কয়েকদিনের মতো দাবির পক্ষে-বিপক্ষে বৃহস্পতিবার (১৬ জুলাই) পাল্টাপাল্টি কর্মসূচি পালিত হয়েছে।
জানা গেছে, কলেজের সাবেক ও বর্তমান শিক্ষার্থীরা নাম বহাল রাখার দাবিতে গণস্বাক্ষর আদায় কর্মসূচি পালন করেছেন। বিপরীতে সংবাদ সম্মেলন করেছেন মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটি। তবে সরকারের শিক্ষা মন্ত্রণালয় এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের মতামত জানতে চাইলেও উদ্ভূত পরিস্থিতিতে মত দিতে রাজি নয় বোর্ড।

বরিশাল সরকারি কলেজটি যে জায়গাটিতে গড়ে উঠেছে সে বাড়িটি বরিশালের কীর্তিমান পুরুষ মহাত্মা অশ্বিনী কুমার দত্তের। তাই কলেজটির নামকরণ এই বিশিষ্ট ব্যক্তির নামে করার জন্য দীর্ঘদিনের দাবি জেলার সংস্কৃতিসেবী ও প্রগতিশীল রাজনৈতিক দলগুলোর।
তবে গত ৩০ বছর ধরে শাসন ক্ষমতায় থাকা রাজনৈতিক দলগুলোর নেতাদের দাবি, এই কলেজ তাদের আন্দোলনের ফসল। ফলে এতে অশ্বিনী কুমারের কোনও অবদান নেই। সাংস্কৃতিক কর্মীদের দাবির মুখে সরকারি বরিশাল কলেজের নাম পরিবর্তন করে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণের একটি প্রস্তাব গত ফেব্রুয়ারি মাসে শিক্ষা মন্ত্রণালয়ে পাঠান জেলা প্রশাসক এসএম অজিয়র রহমান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ে তুলে ধরার পর থেকেই আন্দোলনমুখী ছিলেন বরিশাল সরকারি কলেজের বর্তমান ও সাবেক ছাত্ররা। করোনার কারণে গত চার মাস সরব না থাকলেও এবার তারা নাম বদলের বিপক্ষে মাঠে নেমেছেন। আর নাম বদলের দাবিতে শহরে বিক্ষোভ মিছিল, সংবাদ সম্মেলন করছে অপর পক্ষ।
এর ধারাবাহিতকায় বৃহস্পতিবার (১৬ জুলাই) বেলা সাড়ে ১১টায় নগরীর সদর রোডে সরকারি বরিশাল কলেজের নাম অপরিবর্তিত রাখার দাবিতে ৭ দিনের গণস্বাক্ষর আদায় কর্মসূচির দ্বিতীয় দিনেও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের গণস্বাক্ষর আদায় করেন কলেজের বর্তমান ও সাবেক শিক্ষার্থীরা। এ সময় তারা কলেজের নাম পরিবর্তনের প্রস্তাব ফিরিয়ে আনার জন্য জেলা প্রশাসনের প্রতি আহ্বান জানান। এই দাবিতে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি দেন ছাত্রনেতারা।
একই সময় সরকারি বরিশাল কলেজকে মহাত্মা অশ্বিনী কুমার দত্তের নামে নামকরণ বাস্তবায়ন কমিটি টাউন হলের সামনে সংবাদ সম্মেলন করে তাদের দাবি ব্যক্ত করেন। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন কমিটির আহ্বায়ক মানবেন্দ্র বটব্যাল। পরে নেতৃবৃন্দ জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী এবং শিক্ষামন্ত্রী বরাবর পৃথক স্মারকলিপি দেন।
বরিশাল শিক্ষা বোর্ড চেয়ারম্যান প্রফেসর মো. ইউনুস জানান, নামবদলের প্রস্তাব পাওয়ার পর এ বিষয়ে বরিশাল শিক্ষা বোর্ডের মতামত চেয়েছে মন্ত্রণালয়। তবে উদ্ভূত পরিস্থিতিতে এ বিষয়ে মন্ত্রণালয়ে কোনও মতামত না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে বোর্ড কর্তৃপক্ষ।

