জলে ভাসছে মানুষ, সরকার ‘লিপ সার্ভিসে’: রিজভীর মন্তব্য

জলে ভাসছে মানুষ, সরকার ‘লিপ সার্ভিসে’: রিজভীর মন্তব্য

উত্তরদক্ষিণ । শনিবার, ১৮ জুলাই ২০২০ । আপডেট: ১৬:৩০

বন্যাকবলিত এলাকার মানুষের জন্য সরকার ‘কিছুই করছে না’ বলে অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শনিবার (১৮ জুলাই) নয়াপল্টনে দলীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এই অভিযোগ করে তিনি বলেন, ‘সরকার শুধু মুখেই পদক্ষেপ নেওয়ার কথা বলছে, কাজ কিছু হচ্ছে না।’

রিজভী বলেন, ‘বন্যাকবলিত এলাকায় বিশুদ্ধ খাবার পানি, প্রয়োজনীয় ঔষধ ও খাদ্য সংকট তীব্র আকার ধারণ করেছে। এমনকি গবাদি পশু ও শিশু খাদ্যের সংকটও চরম আকার মাত্রায় বিরাজমান। শুধু লিপ সার্ভিস ছাড়া সরকার এখন পর্যন্ত কোনো উদ্যোগই গ্রহণ করেনি।’

বন্যাদুর্গতদের পাশে দাঁড়ানোর জন্য বিএনপিসহ সহযোগী সংগঠনসহ বিত্তবানদের এগিয়ে আসার আহ্বান জানান রিজভী। বন্যা পরিস্থিতির অবনতির চিত্র তুলে ধরে উত্তরাঞ্চলের বাসিন্দা রিজভী বলেন, নদী ভাঙনের ফলে বন্যাদুর্গত এলাকায় পাট, ধান, সবজিসহ ফসলি জমি, ঘরবাড়ি, গবাদি পশু নদীর পেটে চলে গেছে। লাখ লাখ মানুষ পানিবন্দি হয়ে পড়েছে। ফসল আবাদ করে যে মানুষগুলো স্বচ্ছলভাবে জীবনযাপন করতো তারা এখন বন্যা-আশ্রয় কেন্দ্রে দু‘মুঠো খাবারের জন্য হাহাকার করছে।

করোনাভাইরাস পরীক্ষায় জালিয়াতি ও স্বাস্থ্য খাতে দুর্নীতি আড়াল করতে সরকার ‘নানা ইস্যু তৈরি করে’ জনগণের দৃষ্টিকে ভিন্ন খাতে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ করেন বিএনপির এই নেতা।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading