সাংহাই উৎসবে অপি-ঋত্বিকের ‘মায়ার জঞ্জাল’
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১২:৩০
চীনের মর্যাদাসম্পন্ন সাংহাই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবের এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ডের অফিসিয়াল সিলেকশনে জায়গা পেলো দুই বাংলার যৌথ প্রযোজনার ছবি ‘মায়ার জঞ্জাল’। যার ইংরেজি নাম ‘ডেব্রি অব ডিজায়ার’। যার মাধ্যমে আলোচিত ছবিটির ওয়ার্ল্ড প্রিমিয়ার হতে যাচ্ছে।
এর অন্যতম তিন চরিত্রে অভিনয় করেছেন ঢাকার অপি করিম আর কলকাতার পরাণ বন্দ্যোপাধ্যায় ও ঋত্বিক চক্রবর্তী। তিনজনের একসঙ্গে এটাই প্রথম কোনও কাজ। আর এটি নির্মাণ করেছেন ভারতের ‘ফড়িং’-খ্যাত নির্মাতা ইন্দ্রনীল রায় চৌধুরী।
আগামী ২৫ জুলাই সাংহাই উৎসবের উদ্বোধন হচ্ছে। প্রথম দিনেই এসএফসি সাংহাই ফিল্ম আর্ট সেন্টারের হল থ্রি’তে প্রথমবারের মতো প্রদর্শিত হবে ‘মায়ার জঞ্জাল’। এছাড়া ২৯ জুলাই ও ১ আগস্ট ছবিটির আরও দুটি প্রদর্শনী হবে ভিন্ন ভিন্ন ভেন্যুতে।
চিংহাই প্রদেশের শিনাংয়ে উৎসব চলবে ৩ আগস্ট পর্যন্ত। কারণ, সেখানে করোনা আক্রান্ত ও মৃতের সংখ্যা চীনের অন্যান্য জায়গার তুলনায় কম।
ছবিটির প্রযোজক জসীম আহমেদ বলেন, ‘এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড বিভাগের প্রধান ইমেইলে খবরটি নিশ্চিত করেন। এরপর তো ডিসিপি ডেলিভারিসহ অন্যান্য আনুষ্ঠানিকতার পেছনে বেশ ব্যস্ততা গেছে। তবে আমরা খুব আনন্দিত যে, এ-গ্রেডের তালিকাভুক্ত একটি উৎসবে আমাদের ছবিটির প্রিমিয়ার হতে যাচ্ছে। এবার দর্শককে আবারও সিনেমায় ফিরিয়ে নেওয়ার পালা!’
করোনাভাইরাস মহামারির কারণে সাংহাইয়ের এবারের আসরে কোনও আন্তর্জাতিক জুরিকে আমন্ত্রণ জানানো যাচ্ছে না। তাই এবার সংক্ষিপ্ত তালিকায় থাকা ছবিগুলোই এশিয়ান নিউ ট্যালেন্ট অ্যাওয়ার্ড অফিসিয়াল সিলেকশন হিসেবে ঘোষণা করা হয়েছে বলে জানা গেছে।

