পশুর হাটে স্বাস্থ্যবিধি নিয়ে ‘কঠোর হবে’ আইনশৃঙ্খলা বাহিনী
উত্তরদক্ষিণ । রবিবার, ১৯ জুলাই ২০২০ । আপডেট: ১৮:২৩
সীমিত পরিসরে স্থাপিত কোরবানীর পশুর হাটে স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে আইনশৃঙ্খলা বাহিনীর কার্যক্রম আরও জোরদার করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। একইসাথে তিনি পশু ক্রয়-বিক্রয়ের সময় দেশবাসীকে পর্যাপ্ত স্বাস্থ্যবিধি মেনে চলারও আহ্বান জানান।
রবিবার (১৯ জুলাই) ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিসিসিআই) আয়োজিত ‘আসন্ন পবিত্র ঈদুল আয্হায় কোরবানীর পশুর হাটসহ দেশের সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি’ শীর্ষক এক ওয়েবিনার আলোচনায় তিনি এসব কথা বলেন। ডিসিসিআই সভাপতি শামস মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠানে বাংলাদেশ ট্যানার্স এসোসিয়েশনের চেয়ারম্যান মো. শাহীন আহমেদ,বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মো. হেলাল উদ্দিন,ই-ক্যাব সভাপতি শমী কায়সার, ডিসিসিআই সহসভাপতি মোহাম্মদ বাশিরউদ্দিন,পরিচালক ইঞ্জিনিয়ার মো. আল আমিন, আলহাজ¦ দ্বীন মোহাম্মদ, মো. শাহিদ হোসেন ও মনোয়ার হোসেন প্রমুখ বক্তব্য রাখেন। ওয়েবিনারে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ঢাকা বিশ^বিদ্যালয়ের অপরাধতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. জিয়া রহমান।
স্বরাষ্ট্রমন্ত্রী জানান,আসন্ন ঈদকে সামনে রেখে সারাদেশে নিরাপত্তা নিশ্চিতকল্পে আইন-শৃঙ্খলা বাহিনী ইতোমধ্যে বাড়তি কার্যক্রম শুরু করেছে। তিনি বলেন, করোনা পরিস্থিতি নিয়ন্ত্রণে আমাদের আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা শুরু থেকেই জীবনের ঝুঁকি নিয়ে নিরলসভাবে কাজ যাচ্ছেন।
ই-ক্যাব সভাপতি শমী কায়সার জানান, আসন্ন কোরবানীর ঈদে অনলাইনে পশু কেনাবেচার জন্য ‘ডিজিটাল হাট’ নামে একটি প্ল্যাটফর্ম তৈরি হয়েছে। তিনি স্বাস্থ্য ঝুঁকি কমিয়ে এ ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করে কোরবানীর পশু ক্রয়-বিক্রয়ের জন্য সকলের প্রতি আহ্বান জানান।

