রাতভর বৃষ্টি : সাতসকালেই জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী

রাতভর বৃষ্টি : সাতসকালেই জলাবদ্ধতায় নাকাল রাজধানীবাসী
ছবি : উত্তরদক্ষিণ।

উত্তরদক্ষিণ । সোমবার, ২০ জুলাই ২০২০ । আপডেট: ১৩:৩০

রাতভর বৃষ্টিতে রাজধানীর বিভিন্ন স্থানে, মূল সড়কে জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে। এতে করে সাতসকালেই দুর্ভোগে পড়েছেন কাজে বের হওয়া মানুষরা। অনেক স্থানে রাস্তা ও ফুটপাত তলিয়ে যাওয়ার কারণে স্বাভাবিক চলাচল বাধাগ্রস্ত হয়।

জলাবদ্ধ রাস্তা, ঝরছে বৃষ্টি, সেই সঙ্গে নেই পর্যাপ্ত গণপরিবহন আবার কোথাও কোথাও তীব্র যানজট। সোমবার (২০ জুলাই) সকালে যারা কাজে বেরিয়েছিলেন তাদের পড়তে হয়েছে এমন সীমাহীন বিড়ম্বনায়। সকাল থেকে রাজধানীতে বৃষ্টির ফলে জলাবদ্ধ হয়ে পড়ে বিভিন্ন সড়ক। পানিতে ডুবে থাকা সড়কের মধ্যদিয়ে যখন যানবাহন চলছে তখনই সড়কে উঠছে ঢেউ।

বৃষ্টির কারণে ধানমন্ডি ২৭ নম্বর মোড়, পশ্চিম রাজাবাজার, মিরপুর রোড, মতিঝিল, গুলিস্তান, কারওয়ান বাজার, ফার্মগেট, মিরপুর, তেজগাঁও, মোহাম্মদপুর, বাড্ডা, মালিবাগ, রামপুরা, পুরান ঢাকা, খিলক্ষেতসহ রাজধানীর বিভিন্ন এলাকায় এলাকার সড়কে পানি উঠে জলাবদ্ধতা দেখা যায়। এতে করে ভোগান্তিতে পড়েন কাজে বের হওয়া কর্মজীবী মানুষ।

এ অবস্থায় কর্মজীবীদের অনেকে ভিজেই কর্মক্ষেত্রে যেতে দেখা যায়। আবার অনেকে জলাবদ্ধতার কারণে বাসা থেকেই বের হতে পারছেন না। বেশ কিছু বাসার নিচতলায় পানি ঢুকে গেছে। কিছু এলাকায় দোকানপাটেও পানি প্রবেশ করেছে।

বিভিন্ন স্থানে জলাবদ্ধতার কারণে রাস্তার ওপর গাড়ির স্টার্ট বন্ধ হয়ে যায়। ফলে জলজটের পাশাপাশি যানজটও তৈরি হয় এসব এলাকায়।

ছবি : উত্তরদক্ষিণ।

এদিকে মৌসুমি বায়ুর প্রভাবে দুইদিন ধরে দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টি হচ্ছে। দেশের সব সমুদ্রবন্দরে রয়েছে তিন নম্বর স্থানীয় সতর্কতা। এ অবস্থায় আজও দেশের ১৬টি অঞ্চলে দিনের প্রথমভাগে ঝড়বৃষ্টির পূর্বাভাস দেয়া হয়েছে। সেসব অঞ্চলের নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

সোমবার (২০ জুলাই) দুপুর ১টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরের পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, বগুড়া, টাঙ্গাইল, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম ও সিলেট অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তরপশ্চিম দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরকে এক নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার সকাল ৭টা থেকে দুপুর ১টা পর্যন্ত সময়ের পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ আংশিক মেঘলা থেকে মেঘলা থাকতে পারে। হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। দক্ষিণ বা দক্ষিণ-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ১০ থেকে ১৫ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে। দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading