জলবায়ু বিষয়ক ফোরামের শুভেচ্ছা দূত হলেন সায়মা ওয়াজেদ
উত্তরদক্ষিণ । বুধবার, ২২ জুলাই ২০২০ । আপডেট ১৫:৫২
‘ক্লাইমেট ভালনারেবল ফোরাম’-এর শুভেচ্ছা দূত হিসেবে মনোনয়ন পেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার কন্যা সায়মা ওয়াজেদ পুতুল। তিনি দীর্ঘদিন ধরে অটিজম বিষয়ক জাতীয় পরামর্শক কমিটির চেয়ারপারসন হিসেবে দায়িত্ব পালন করে আসছেন।
বুধবার (২২ জুলাই) পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এ তথ্য জানানো হয়। এতে আরও বলা হয়, জলবায়ু বিষয়ক আন্তর্জাতিক ওই ফোরামে সায়মা ওয়াজেদ ছাড়াও তিনজনকে শুভেচ্ছা দূত করা হয়েছে। তারা হচ্ছেন- মালদ্বীপের সাবেক প্রেসিডেন্ট মোহাম্মাদ নাশিদ, ফিলিপাইনের ডেপুটি স্পিকার লোরেন লাগার্দা ও ডিআর কঙ্গো’র জলবায়ু পরিবর্তন বিশেষজ্ঞ টুসি মোপানো-মোপানো।
জানা গেছে, সম্প্রতি জলবায়ু পরিবর্তনের কারণে ঝুঁকিতে থাকা ৪৮টি দেশের প্ল্যাটফর্ম ক্লাইমেট ভালনারেবল ফোরামের প্রেসিডেন্ট পদ পায় বাংলাদেশ। আগামী তিন বছর বাংলাদেশ ওই দায়িত্ব পালন করবে এবং জলবায়ু পরিবর্তনের কারণে যেসব দেশ সবচেয়ে বেশি ক্ষতির সম্মুখীন তাদের বিষয়ে কথা বলবে।

