উত্তরায় বাণিজ্যিক বহুতল ভবনে অগ্নিকাণ্ড
উত্তরদক্ষিণ । শুক্রবার, ২৪ জুলাই ২০২০ । আপডেট ২১:০০
রাজধানীর উত্তরার গাঁওছুল আযম সড়কের একটি বহুতল বাণিজ্যিক ভবনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। শুক্রবার (২৪ জুলাই) দুপুর ২টা ৪০ মিনিটে উত্তরা পশ্চিম থানার ১৩ নম্বর সেক্টরস্থ গাঁওছুল আযম সড়কের একটি বহুতল ভবনে আগুনের সূত্রপাত হয়। খবর পেয়ে উত্তরা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ, ক্ষয়ক্ষতি ও হতাহতের কোনো খবর পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স উত্তরা স্টেশনের স্টেশন অফিসার মোহাম্মদ হানিফ এতথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের উত্তরা স্টেশনের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রনে কাজ শুরু করে। ৭তলা ওই বহুতল বাণিজ্যিক ভবনের ৬ষ্ঠ তলায় আগুন লাগার পর তা আশপাশে ছড়িয়ে পড়ে। দমকলকর্মীরা আগুন নেভাতে কাজ করছেন। সূত্র: বাসস।

