কেন্দ্রীয় ঔষধাগারের সাবেক পরিচালক শহীদুল্লাহ করোনায় মারা গেছেন
উত্তরদক্ষিণ । শনিবার, ২৫ জুলাই ২০২০ । আপডেট ১৬:৪০
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন কেন্দ্রীয় ঔষধাগারের (সিএমএসডি) সাবেক পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহ (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তিনি সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন ছিলেন। শনিবার ( ২৫ জুলাই) দুপুর ২টা ৫৫ মিনিটে তিনি মারা যান। এ তথ্য নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদফতরের কোভিড-১৯ বিষয়ক সমন্বিত নিয়ন্ত্রণ কক্ষের সদস্য সচিব ডা. রিজওয়ানুল করিম শামীম।এছাড়া তার পারিবারিক সূত্রেও এ তথ্য নিশ্চিত করেছে।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৫৬ বছর। এর আগে করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ জুন তিনি সিএমএইচে ভর্তি হন। গতকাল শুক্রবার অবস্থার অবনতি হলে প্রথমে আইসিউ এবং পরে ভেন্টিলেশনে নেওয়া হয়।
২০১৯ সালের ২২ নভেম্বর তিনি সিএমএসডির পরিচালক হিসেবে যোগদান করেন। সম্প্রতি করোনা মহামারিতে বিভিন্ন হাসপাতালে সরবরাহ করা এন৯৫ মাস্ক, পিপিই নিয়ে অনিয়ম ও দুর্নীতি বিতর্কে সেই পদ থেকে তাকে সরিয়ে দেয়া হয়। এর আগে গত ২০ এপ্রিল স্বাস্থ্য অধিদফতর আয়োজিত নিয়মিত অনলাইন বুলেটিনে উপস্থিত হয়ে তিনি বলেন, ‘আমি দ্ব্যর্থহীনভাবে বলতে চাই, এখনও পর্যন্ত আমরা যা সরবরাহ করেছি, এগুলোর মান যাচাই করেই সরবরাহ করছি।’ মাস্ক বিষয়ে বিভ্রান্তি এবং বানোয়াট তথ্য পরিবেশন না করে সরাসরি সিএমএসডিকে জানানোর জন্যও আহ্বান করেন তিনি। তবে ব্যক্তিগত সুরক্ষা সামগ্রী ও মাস্কের মান এবং কেনাকাটা নিয়ে বিভিন্ন প্রশ্ন উঠতে থাকায় গত ২৩ ব্রিগেডিয়ার জেনারেল মো. শহীদুল্লাহকে সিএমএসডি থেকে সেনাসদর দফতেরে ফিরিয়ে নেওয়া হয়।

