করোনার ‘সনদ জালিয়াতি’, শাজাহান খানের মেয়ে বিমানবন্দরে ধরা!
উত্তরদক্ষিণ । রবিবার, ২৬ জুলাই ২০২০ । আপডেট ২০:০০
করোনা পরীক্ষার ‘সনদ জালিয়াতির মাধ্যমে’ লন্ডন যাওয়ার সময় শাহজালাল বিমানবন্দর থেকে ফেরত পাঠানো হয়েছে সাবেক নৌ পরিবহনমন্ত্রী শাহজাহান খানের মেয়ে ঐশী খানকে। রবিবার (২৬ জুলাই) সকালে ঐশী খানকে আটকে দেয় ইমিগ্রেশন পুলিশ। তিনি করোনা নেগেটিভ রিপোর্ট সঙ্গে নিয়ে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইটে লন্ডন যেতে বিমানবন্দরে আসলেও অনলাইনে যাচাইয়ে তার করোনা পজিটিভ থাকার প্রমাণ প্রায় ইমিগ্রেশন পুলিশ। পরে তাকে ফেরত পাঠানো হয়। নামপ্রকাশে অনিচ্ছুক বিমানবন্দরের একাধিক কর্মকর্তা নিশ্চিত করেছেন ওই তিনি সাবেক নৌপরিবহন মন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমন্ডলির সদস্য শাজাহান খানের মেয়ে।
সূত্র জানায়, রবিবার (২৬ জুলাই) সকালে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের লন্ডন ফ্লাইটের যাত্রী ছিলেন ঐশী খান। বাংলাদেশ থেকে বিদেশ যেতে সকল যাত্রীকে করোনা নেগেটিভ সার্টিফিকেট বাধ্যতামূলক করা হয়। কিন্তু তিনি জালিয়াতি করলেও শেষ পর্যন্ত ধরা খেয়েছেন বিমানবন্দরে এসে।
বিমানের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, ‘করোনা পজিটিভ থাকায় লন্ডন ফ্লাইটের এক যাত্রীকে ফেরত দিয়েছে ইমিগ্রেশন পুলিশ।’
সূত্র জানায়, বিমানবন্দরে যাত্রীদের করোনা সার্টিফিকেট পরীক্ষা করে বিমান বন্দরের স্বাস্থ্য বিভাগ। সার্টিফিকেট পরীক্ষা শেষে যাত্রীরা চেক ইন সম্পন্ন করেন। তবে ঐশী খান বিমানবন্দরের ভিআইপি গেট ব্যবহার করে বিমানবন্দরে প্রবেশ করেন। সেখান থেকে সরাসরি ইমিগ্রেশনে চলে যান। ইমিগ্রেশনে তাকে চেক করলে ধরা পড়ে তিনি করোনা পজিটিভ।
বিমানবন্দর স্বাস্থ্য কর্মকর্তা ড. জহির ইসলাম বলেন, ‘ইমিগ্রেশন থেকে আমাদের জানানো হয় একজন ভিআইপি গেট ব্যবহার করে এসেছেন, তিনি করোনা পজিটিভ। পরবর্তীতে আমরাও অনলাইনে চেক করে নিশ্চিত হই তিনি পজিটিভ। এই কারণে আর তাকে ফ্লাইটে যেতে দেওয়া হয়নি।’

