মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমতে পারে!

মোটরসাইকেলের রেজিস্ট্রেশন ফি কমতে পারে!

উত্তরদক্ষিণ । বুধবার, ২৯ জুলাই ২০২০ । আপডেট: ২০:৫৩

প্রতিবেশী দেশগুলোর সাথে সামঞ্জস্য রেখে মোটর-সাইকেলের ‘রেজিস্ট্রেশন ফি’ নির্ধারণের উদ্যোগ নিতে যাচ্ছে শিল্প মন্ত্রণালয়। ফলে কমতে পারে ফি’র পরিমাণ। মোটর সাইকেল শিল্প খাতে সরাসরি বিদেশি-বিনিয়োগ আকৃষ্ট করতেই এ উদ্যোগ নেয়া হচ্ছে। বাস্তবতার-আলোকে বিবেচনার জন্য শিল্প মন্ত্রণালয়ের পক্ষ থেকে এ বিষয়ে অচিরেই সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সংস্থার কাছে প্রস্তাব পাঠানো হবে।

মঙ্গলবার (২৮ জুলাই) রাজধানীর মতিঝিলস্থ ‘শিল্প-ভবনে’ বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে ভার্চুয়াল মাধ্যমে বৈঠকালে এসব কথা বলেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন। বৈঠকে স্বাগত বক্তব্য রাখেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তা হিমিহিকো কাতসুকি।

বাংলাদেশের মোটরসাইকেল শিল্পের সম্ভাবনা ও সমস্যা নিয়ে বক্তব্য উপস্থাপনা করেন বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের হেড অফ ফাইন্যান্স অ্যান্ড কমার্শিয়াল শাহ মুহাম্মদ আশেকুর রহমান এফসিএ। বাংলাদেশ ইস্পাত ও প্রকৌশল কর্পোরেশনের (বিএসইসি) চেয়ারম্যান মোঃ রইছ উদ্দিন, পরিচালক প্রকৌশলী মোহাম্মদ আশিকুর রহমান, বাংলাদেশ হোন্ডা প্রাইভেট লিমিটেডের উপদেষ্টা ও সাবেক অতিরিক্ত সচিব জামাল আবু নাসের চৌধুরীসহ শিল্প মন্ত্রণালয়ের উর্দ্ধতন কর্মকর্তারা অনলাইনে এ বৈঠকে যুক্ত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ হোন্ডা প্রাইভেটের পক্ষ থেকে দেশে মোটরসাইকেল শিল্পের সম্ভাবনা এবং এ শিল্পের টেকসই বিকাশের পথে অন্তরায় হিসেবে বিভিন্ন পয়েন্ট তুলে ধরা হয়। বিদ্যমান প্রতিবন্ধকতার উত্তরণ ঘটিয়ে উদীয়মান মোটরসাইকেল শিল্পের সম্ভাবনা কাজে লাগাতে প্রতিষ্ঠানটির পক্ষ থেকে কতিপয় সুপারিশও উপস্থাপন করা হয়।

সুপারিশমালার মধ্যে রয়েছে- মোটরসাইকেলের যৌক্তিক নিবন্ধন ফি নির্ধারণ, সরাসরি বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করতে শুল্ক ও কর নির্ধারণে টেকসই নিয়ম এবং প্রবিধান অনুসরণ, এই শিল্পের সুবিধার্থে জাতীয় রাজস্ব বোর্ডের জারিকৃত এসআরও ১৫৫ সংশোধন করে নতুন কিছু অত্যাবশ্যকীয় কাঁচামালে শুল্ক সুবিধা প্রদান, ব্যাক-ওয়ার্ড লিংকেজ ইন্ডাস্ট্রি রোডম্যাপ তৈরি এবং বাংলাদেশ ব্যাংকের সহায়তায় মোটরসাইকেল ক্রেতাদের জন্য রিটেইল ফাইন্যান্সিং চালুর উদ্যোগ গ্রহণ।

শিল্পমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার গতিশীল নেতৃত্বে বাংলাদেশের অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনের পাশাপাশি জনগণের সক্ষমতা দ্রুত বাড়ছে। এর ফলে গ্রাম- শহর নির্বিশেষে সর্বত্র মোটর সাইকেলের চাহিদাও বৃদ্ধি পাচ্ছে। অভ্যন্তরীণ বিশাল চাহিদার কথা বিবেচনা করে এ শিল্পখাতে দেশি-বিদেশি বিনিযোাগ বাড়ছে উল্লেখ করে তিনি বলেন, এ শিল্প খাতে সরাসরি বিদেশি বিনিয়োগ বাড়াতে সরকারের পক্ষ থেকে সব ধরণের নীতি- সহায়তা অব্যাহত থাকবে। মোটরসাইকেল নিবন্ধন ফি যৌক্তিক পরিমাণে নির্ধারণের বিষয়ে শিল্পমন্ত্রী বলেন, শিল্প মন্ত্রণালয় ইতিমধ্যে ‘মোটরসাইকেল ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্ট পলিসি-২০১৮ প্রণয়ন করেছে। এর আওতায় উপমহাদেশের অন্যান্য দেশের সাথে সামঞ্জস্য রেখে নিবন্ধন ফি নির্ধারণের কাজ চলছে। দ্রুত এর সমাধান হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading