সরকারি চাকরিজীবী- ‘সবার অফিস উপস্থিতি বাধ্যতামূলক’

সরকারি চাকরিজীবী- ‘সবার অফিস উপস্থিতি বাধ্যতামূলক’

উত্তরদক্ষিণ । বৃহস্পতিবার, ০৬ আগস্ট ২০২০ । আপডেট: ১৬:১০

করোনাভাইরাস মহামারীর মধ্যে লকডাউনে ৭৫ শতাংশ কর্মকর্তা-কর্মচারীকে বাড়ি বসে কাজ করার সুযোগ দেওয়া হয়েছিল। সেই নিয়ম তুলে দিয়েছে সরকার। সরকারি সব কর্মকর্তা-কর্মচারীকে আগের মতো এখন সবাইকে সপ্তাহে ৫ দিন সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করতে হবে বাধ্যতামূলক। মন্ত্রণালয়গুলোকে এমন নির্দেশনা দিয়েছে মন্ত্রিপরিষদ বিভাগ। বৃহস্পতিবার (৬ আগস্ট) মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম জানন, এ বিষয়ে সংশ্লিষ্টদেরকে আগেই নির্দেশনা দেয়া হয়েছে।

জানা গেছে, ওই নির্দেশনা পেয়ে অনেক মন্ত্রণালয় ইতোমধ্যে তা মৌখিকভাবে কর্মকর্তা-কর্মচারীদের জানিয়ে দিয়েছে। বেশ কয়েকটি মন্ত্রণালয়ের শতভাগ কর্মকর্তা-কর্মচারী সার্বক্ষণিক অফিস করছেন। অন্যান্য মন্ত্রণালয় ও বিভাগগুলোতেও সবাই একসঙ্গে অফিস করার প্রস্তুতি নিচ্ছেন। অবশ্য নতুন নির্দেশনাতেও বয়স্ক, অসুস্থ ও সন্তান সম্ভবাদের আগের মতই অফিসে যেতে নিষেধ করা হয়েছে।

করোনাভাইরাসের বিস্তার ঠেকাতে ২৬ মার্চ থেকে চলা টানা ৬৬ দিনের লকডাউন ওঠার পর ৩১ মে থেকে সীমিত পরিসরে অফিস খোলার পাশাপাশি গণপরিবহন চলাচালের অনুমতি দেয় সরকার। এরপর অফিস আর বন্ধ করা হয়নি।

বৃহস্পতিবার জনপ্রশাসন সচিব শেখ ইউসুফ হারুন বলেন, সব কর্মকর্তাকে সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত অফিস করতে মন্ত্রিপরিষদ বিভাগ থেকে মৌখিকভাবে নির্দেশনা দেওয়া হয়েছে। আমরা ইতোমধ্যে আমাদের মন্ত্রণালয়ের সব কর্মকর্তাকে সেই নির্দেশনা মৌখিকভাবে জানিয়ে দিয়েছি, সকল অফিসারদের অফিসে থাকতে বলেছি। এখন অফিসারদের প্রতি নির্দেশ হলো- সকল অফিসার ৯টা-৫টা অফিস করবেন। ৫টার পরেও যদি অফিসারদের থাকতে হয়, থাকবেন। তবে বৃদ্ধ, গর্ভবতী নারী ও অসুস্থদের বেলায় এটি প্রযোজ্য নয়।

লকডাউন শেষে গত ৩১ মে থেকে অফিস চালুর পর মৌখিক নির্দেশনায় সরকারি দপ্তরগুলোতে একসঙ্গে ২৫ শতাংশের বেশি কর্মকর্তা-কর্মচারীকে অফিসে অবস্থান করতে নিষেধ করা হয়েছিল। ফলে এখনও মৌখিক নির্দেশনা দিয়ে সবাইকে নির্ধারিত সময়ে অফিসে অবস্থান করতে বলা হয়েছে।

জনপ্রশাসন সচিব হারুন বলেন, লকডাউনের পর অফিস খোলার সময় যেভাবে কাজ করতে সুবিধা হয়, আমরা মন্ত্রণালয়গুলোতে সেভাবে অফিস করতে বলেছিলাম। তখন অনেকে জনপ্রশাসন মন্ত্রণালয়কে ফলো করেছিল (একসঙ্গে ২৫ শতাংশের বেশি উপস্থিত না থাকা)।

জনপ্রশাসন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন তখন কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ২৫ শতাংশের বেশি যেন একসঙ্গে অফিসে উপস্থিত না থাকেন সেই নির্দেশনা দিয়েছিলেন। সেভাবেই বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও সরকারি দপ্তরে এতদিন কার্যক্রম পরিচালিত হচ্ছিল। সেই নিয়ম এখন আর কার্যকর নেই বলে জানান জনপ্রশাসন সচিব হারুন। তথ্য সহায়তা বিডিনিউজ।

Md Enamul

Leave a Reply

Discover more from Daily Uttor Dokkhin উত্তরদক্ষিণ

Subscribe now to keep reading and get access to the full archive.

Continue reading