করোনার ছোবল: ২২ ঘণ্টায় দেশ হারালো আরও ২ বিশেষজ্ঞ চিকিৎসক
উত্তরদক্ষিণ । রবিবার, ০৯ আগস্ট ২০২০ । আপডেট: ১৭:৩১
করোনাভাইরাসের ছোবলে প্রাণ হারানো চিকিৎসকদের সারিতে সবশেষ যুক্ত হলেন বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালের অর্থোপেডিক সার্জারি বিভাগের সহকারী অধ্যাপক ডা. রেজওয়ানুল বারি শামীম। রাজধানীর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন অবস্থায় রবিবার (৯ আগস্ট) দুপুর ১টা ৪৫ মিনিটে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি ওয়াইন্না ইলাইহি রাজিউন)।
এর মাত্র সাড়ে ২১ ঘণ্টা আগে শনিবার গভীর রাতে করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন দেশের আরেকজন খ্যাতিমান চিকিৎসক নেতা ডা. গোলাম মোস্তফা। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) রাজবাড়ী জেলা সভাপতি এবং জেলা বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ছিলেন এই বিশেষজ্ঞ চিকিৎসক। শনিবার (০৮ আগস্ট) দিবাগত রাত সোয়া ৮টায় তার মৃত্যু হয় (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে।
রবিবার চিকিৎসকদের সংগঠন ফাউন্ডেশন ফর ডক্টরস’ সেফটি, রাইটস অ্যান্ড রেসপনসিবিলিটিসের (এফডিএসআর) যুগ্ম মহাসচিব ডা. রাহাত আনোয়ার চৌধুরী বলেন, ‘ডা. রেজওয়ানুল বারি শামীম রাজশাহী মেডিকেল কলেজের শিক্ষার্থী ছিলেন।’ তিনি আরও জানান, এর আগে, করোনায় আক্রান্ত হয়ে গতকাল মারা গেছেন রাজবাড়ি জেলার প্রবীণ চিকিৎসক, চক্ষু বিষেশজ্ঞ ও বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশনের (বিএমএ) রাজবাড়ী শাখার সভাপতি ডা. গোলাম মোস্তফা (৭৫)। ডা. গোলাম মোস্তফা চট্টগ্রাম মেডিকেল কলেজ ও হাসপাতাল থেকে এমবিবিএস পাস করেন এবং অনেক দিন দেশের বাহিরে সুনামের সহিত চিকিৎসক হিসেবে কাজ করেন। এরপর দীর্ঘকাল ধরে তিনি রাজবাড়ীতে চিকিৎসক হিসেবে মানুষকে সেবা দিয়ে গেছেন।
ডা. রাহাত আনোয়ার চৌধুরীর বর্ণনা অনুযায়ী, এ পর্যন্ত করোনার ছোবলে দেশ হারিয়েছে ৮০ জন চিকিৎসককে। তাদের মধ্যে অনেকেই দেশবরেণ্য বিশেষজ্ঞ ছিলেন। তিনি জানান, করোনার উপসর্গ নিয়ে মারা গেছেন আরও ১১ জন চিকিৎসক। তবে চিকিৎসকদের অপর একটি সংগঠনের নেতা ডা. মাহবুবুল আলম সুমন জানিয়েছেন, রবিবার (৯ আগস্ট) পর্যন্ত করোনা বা কভিড-১৯ আক্রান্ত হয়ে এবং করোনার উপসর্গ নিয়ে ১০২ জন চিকিৎসকের মৃত্যু হয়েছে।

